উজিরপুরে সই জালকারীদের বিরুদ্ধে পাল্টা মামলা
বরিশালের উজিরপুর উপজেলায় অ্যাসিড-সন্ত্রাসের শিকার ব্যবসায়ীর সই জাল করে স্থানীয় মাদক প্রতিরোধ কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সই জালকারী ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে পাল্টা মামলা করা হয়েছে।
এলাকাবাসী, মাদক প্রতিরোধ কমিটির সদস্য ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, উজিরপুরের বামরাইল ইউনিয়নের মোড়াকাঠী গ্রামের ব্যবসায়ী বাদশা সরদারের সঙ্গে একই গ্রামের মাদক ব্যবসায়ী শাওন বালীর (৩২) বিরোধ চলছিল। গত ৩০ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে বাদশা বাড়ি থেকে বের হন। বামরাইল এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বাদশার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে। এ সময় লোকজন তাঁকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বামরাইল ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য সোবাহান রাঢ়ী জানান, বাদশা সরদার হাসপাতালে থাকাকালে ১ নভেম্বর পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাওন বালী বাদশার সই জাল করে তাঁকে বাদী বানিয়ে মাদক প্রতিরোধ কমিটির সদস্য বামরাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জিয়া আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি চুন্নু মিয়া ও ইউনিয়ন বিএনপির সহসম্পাদক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
বাদশা সরদার বলেন, ‘এক মাস ১৩ দিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আমার সই জাল করে মামলা করার বিষয়টি জানতে পারি। পরে ১৩ নভেম্বর নিজে বাদী হয়ে শাওন বালী, তাঁর সহযোগী আল আমিন খলিফা, কামাল সরদার ও আনোয়ার হোসেনকে আসামি করে বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অ্যাসিড নিক্ষেপ ও সই জাল করার ঘটনায় মামলা দায়ের করি। আদালতের বিচারক শাহিনুর আক্তার গতকাল রোববার শুনানি শেষে মামলাটি আমলে নেন।’
মামলার আরজিতে বলা হয়, ঘটনার দিন রাতে বাড়ি যাওয়ার পথে মাদক ব্যবসায়ী শাওন বালী বাদশাকে ডাক দেন। এ সময় তিনি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে উল্লিখিত আসামিরা অ্যাসিড ছুড়ে তাঁর শরীর ঝলসে দেন। পরে তাঁর সই জাল করে মাদক প্রতিরোধ কমিটির সদস্যদের ফাঁসাতে থানায় মামলা করেন।
অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘আদালতে মামলা দায়েরের কথা শুনেছি। এখনো কাগজপত্র হাতে পাইনি।’