উজিরপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত
বরিশালের উজিরপুর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল-আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মেয়েটির বাবা।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার আটিপাড়া নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ‘শিশু তাহিরা (৪) ঘটনাস্থলে নিহত হয়। আর বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যান মা মিলি বেগম (২০)। গুরুতর আহত আমিরুল ইসলামকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আমিরুল তাঁর শ্বশুরবাড়ি আগৈলঝাড়া থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বরিশাল নগরের কাশিপুরের বাড়িতে ফিরছিলেন। রাত ১০টার দিকে আটিপাড়া এলাকায় খুলনা থেকে বরিশালগামী একটি প্রাইভেট কার ওই মোটরসাইকেলটিকে পাশ থেকে ধাক্কা দেয়। আরোহীসহ মোটরসাইকেলটি মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় বরিশাল থেকে গৌরনদীগামী এলাহী ট্রেডার্সের একটি ট্রাক মোটরসাইকেলসহ আরোহীদের চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
ওসি ইকবাল হোসেন জানান, ট্রাক ও প্রাইভেট কার আটক করা হয়েছে। ট্রাকের চালক আলতাফ হোসেনকে আটক করেছে পুলিশ। প্রাইভেট কারের চালক পলাতক।