উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙনে সড়ক বিলীন
বরিশালের উজিরপুর উপজেলায় সন্ধ্যা নদীর ভাঙনে উজিরপুর-সাতলা-বাগধা সড়কের চতলবাড়ি এলাকার প্রায় ১০০ ফুট সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত রোববারের ওই ঘটনার পর থেকে উজিরপুর উপজেলা সদরের সঙ্গে পাঁচটি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, উজিরপুর সদর থেকে প্রায় ছয় কিলোমিটার পশ্চিমে বরাকোঠা ইউনিয়ন। এই ইউনিয়নের বুক চিরে উজিরপুর-সাতলা-বাগধা সড়ক। রোববার সকালে হঠাৎ সড়কের চতলবাড়ি এলাকার ১০০ ফুট অংশ নদীগর্ভে চলে যায়। এর পর থেকে উপজেলা সদরের সঙ্গে সাতলা, হারতা, জল্লা, ওটরা ও বরাকোঠা ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সাতলা গ্রামের জমির আলী (৫৫) বলেন, ভাঙা অংশ ঠিক না করায় পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দাকে ট্রলারে করে উপজেলা সদরে যাতায়াত করতে হচ্ছে।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, ‘ভাঙনের তীব্রতা এত বেশি যে ইতিমধ্যে কয়েকটি ইউনিয়নের সড়কের অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সড়ক যোগাযোগ চালু রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’