আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের উজিরপুরে স্থানীয় সাংসদ মনিরুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে গতকাল মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে। ক্ষুব্ধ জনতা সাংসদকে অবরুদ্ধ করে রাখেন। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মনিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্ব করার কথা থাকলেও সাংসদের নির্দেশে তাঁকে সেখানে থাকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। পরে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সাংসদের কাছে এ বিষয়টি জানতে চান উপজেলা চেয়ারম্যান। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বেলা দুইটার দিকে চেয়ারম্যান ওই সভা থেকে বের হয়ে আসেন। চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে সাংসদের ছেলে রিয়াজুল ইসলাম তাঁর অনুসারীদের নিয়ে চেয়ারম্যানকে ধাওয়া করেন।
এ খবর ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের শত শত সমর্থক জড়ো হয়ে সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এর একপর্যায়ে সাংসদকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। রাত সোয়া আটটায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আর্মড পুলিশ সাংসদকে উদ্ধার করে বরিশাল নিয়ে যান।
এর আগে দফায় দফায় সংঘর্ষে উজিরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বপন চন্দ্র দে, কনস্টেবল দেলোয়ার হোসেন, সাংবাদিক আ. রহিম সরদারসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেয়ারম্যান আবুল কালাম আজাদ অভিযোগ করেন, সাংসদের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রতিবাদ করলে সাংসদের ছেলে ও তাঁর সমর্থকেরা গুলি ছোড়ে। এতে উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উজিরপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘সমন্বয় সভায় সাংসদ মনিরুল ইসলাম এবং চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ওই সংঘর্ষ হয়। এ সময় গুলির শব্দ শোনা গেছে। তবে কে গুলি ছুড়েছে তা বলতে পারব না। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’ যোগাযোগ করা হলে সাংসদ মনিরুল ইসলাম অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে চেয়ারম্যানের সমর্থকেরা তাঁর ওপর হামলা চালান। তিনি তাঁর ছেলের গুলি করার অভিযোগ অস্বীকার করেন।