বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কক্ষে সংঘটিত অপ্রীতিকর ঘটনার জের ধরে বরিশাল-২ আসনের (বানারীপাড়া-উজিরপুর) আওয়ামী লীগের সাংসদ মনিরুল ইসলামের সমর্থক যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা উজিরপুর উপজেলায় গতকাল মঙ্গলবার ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। ঘণ্টাব্যাপী অবরোধে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উজিরপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দুপুর দুইটায় ইচালাদী ও নারায়ণপুর এলাকায় বিক্ষোভ শুরু করেন। সড়কের ওপর গাছ ফেলে তাঁরা যান চলাচল বন্ধ করে দেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংসদ মনিরুল ইসলাম গতকাল মঙ্গলবার বলেন, যুবলীগের নেতা আবুয়াল হোসেন, দিপুসহ কয়েকজনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে উজিরপুরের যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা সড়ক অবরোধ করেন।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় প্রথম আলোকে বলেন, খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে যান এবং অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। গত সোমবার পাউবোর নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগে সাংসদ মনিরুল ইসলামকে পাউবোর কর্মচারী ও ঠিকাদারেরা এক ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ করে রাখেন।