উজিরপুরে সড়কের গাছ কেটে নিয়েছেন যুবলীগের কর্মীরা!
বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর-সাতলা সড়কের হারতা কুচিয়ারপাড় এলাকায় যুবলীগের কয়েকজন নেতা-কর্মী সড়কের ১৫টি গাছ কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন বিভাগ ১৯৯৯ সালে উজিরপুর-সাতলা সড়কে উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় বনায়ন করে। সাতলা গ্রামের ভবতোষ রঞ্জন ও আতাহার আলী অভিযোগ করেন, হারতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল হালদার, যুবলীগের কর্মী সুশীল মণ্ডল, সজীব মণ্ডল ও রাজু আহম্মেদ গত দু-তিন দিনে সড়কের ১৫টি মেহগনি ও রেইন্ট্রিগাছ কেটে নেন, যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি বন কর্মকর্তাদের জানানো হয়েছে। গাছ কাটার অভিযোগ অস্বীকার করে নিখিল হালদার, সজীব ও রাজু বলেন, ‘এ ঘটনায় আমাদের সম্পৃক্ততা নেই।’ উপজেলা বন কর্মকর্তা সেলিম আহম্মেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।