উজিরপুরে হিজবুত তওহিদের হামলায় আহত ১০, আটক ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুরে গতকাল মঙ্গলবার মুসল্লিদের মিছিলে হিজবুত তওহিদের সদস্যদের হামলায় ১০ ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় পুলিশ হিজবুত তওহিদের ১৩ জন সদস্যকে আটক করেছে। অন্যদিকে গতকাল রাজশাহীতে হিজবুত তওহিদের আরও চারজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা গেছে, হিজবুত তওহিদকে নিষিদ্ধ করার দাবিতে উজিরপুর উপজেলা সদরের কয়েকটি মসজিদের মুসল্লিরা গতকাল আসরের নামাজের পর বিক্ষোভ মিছিল বের করেন। শিকারপুর শেরেবাংলা কলেজের অধ্যাপক মোজাম্মেল হোসেন মানিকের নেতৃত্বে হিজবুত তওহিদের ২০-২৫ জন সদস্য হাতুড়ি ও লাঠি নিয়ে লঞ্চঘাট এলাকায় মিছিলের ওপর হামলা চালান। এতে ১০ ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে মো. আবু হানিফ হাওলাদার (৪৫), রাজ্জাক বালী (৪০), নাজমুল বালী (৩০), সাইদুর রহমান (৩৫) ও রহিমের (৬৫) অবস্থা গুরুতর। তাঁদের উজিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার খবর ছড়িয়ে পড়লে সাধারণ জনতা হিজবুত তওহিদের সদস্যদের ধাওয়া করেন। পরে পুলিশ হিজবুত তওহিদের ১৩ জন সদস্যকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন, মোজাম্মেল হক মানিক, ফরিদ, জালাল উদ্দিন, মাসুদ আহম্মেদ, মোখলেচ, শাহাদর‌্যা শিকদার, মিলন, তাইজুল, হাসান, রুহুল আমিন, সেলিনা, লুর‌্যাফা ও শেলী।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে, রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গতকাল রাতে জেলার তালাইমারী ট্রাফিক মোড় থেকে হিজবুত তওহিদের চারজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন, আলিম (২৬), আসলাম আলী (২৪), শফিকুল ইসলাম (৩০) ও রাজন আলী (২১)। তাঁদের কাছ থেকে ২০টি বই, ১৯টি সিডি ও হিজবুত তওহিদের বেশ কিছু প্রচারপত্র উদ্ধার করা হয়।