ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী অজিত দাসকে (৪৭) কুপিয়ে জখম করার ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার ঝাড়ু মিছিল ও মানববন্ধন হয়েছে।
সকালে শহরের পূর্ব পাইকপাড়ার বর্তমান ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাসহ সহস্রাধিক নারী-পুরুষ ও মাছ ব্যবসায়ী ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। বেলা সাড়ে ১১টায় সেখানে সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে কয়েক শ নারী-পুরুষ হাতে বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মাববন্ধনে অংশ নেন। মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আওয়ামী লীগের নেতা মাহবুবুল বারী চৌধুরী হামলার তীব্র নিন্দা জানান। তাঁরা অনতিবিলম্বে সন্ত্রাসী উজ্জলসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে কয়েক হাজার মানুষ মিছিল নিয়ে জেলা প্রশাসক মুহাম্মদ মোশারফ হোসেনের কাছে স্মারকলিপি জমা দেন।
অপর দিকে অজিত দাসকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করার প্রতিবাদে মাছ ব্যবসায়ীরাও মাঠে নেমেছেন। শহরের সব মাছ ব্যবসায়ী গতকাল বৃহস্পতিবার ব্যবসা বন্ধ রাখেন।
চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও জেলা শিল্প ও বণিক সমিতির পরিচালক মিজান আনসারী জানান, সন্ত্রাসী উজ্জল ও তাঁর বাহিনী পূর্ব পাইকপাড়া ও দাসপাড়া এলাকায় কয়েক বছর ধরেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। হিন্দুদের ধর্মীয় কাজসহ বিয়ে-শাদি, জমি কেনা-বেচাসহ নতুন বাড়ি নির্মাণেও এই বাহিনীকে চাঁদা দিতে হয়। অজিত সন্ত্রাসীদের চাঁদাবাজির প্রতিবাদ করায় উজ্জল বাহিনী তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে কুপিয়ে জখম করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় অজিত দাসের ভাই সুজিত দাস একটি মামলা করেছেন। এই মামলাসহ উজ্জলের নামে সদর থানায় সাতটি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পূর্ব পাইকপাড়ার বাসিন্দা ও পৌরসভার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজিত দাসকে কুপিয়ে জখম করেন একাধিক চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলার আসামি উজ্জল মিয়াসহ আরও দুই সন্ত্রাসী। অজিত বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।