বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় সহযোগিতার উজ্জ্বল ভবিষ্যতের অভিন্ন প্রত্যাশার ওপর ভিত্তি করে সম্পর্ককে সহযোগিতার কৌশলগত পর্যায়ে উন্নীত করতে রাজি হয়েছে।
গতকাল শুক্রবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাৎ ও বৈঠকের পর প্রচারিত যৌথ ঘোষণায় এই প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রাতে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার এই বিবৃতি প্রচার করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, চীনের উদ্যোগ ‘সিল্ক রোড ইকোনমিক বেল্ট (রেশম পথ অর্থনৈতিক অঞ্চল) এবং ২১ শতকের সামুদ্রিক রেশম পথের (অঞ্চল ও পথের উদ্যোগ) প্রশংসা করে বাংলাদেশ এবং বিশ্বাস করে, এসব ২০২১ সালে বাংলাদেশের মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। দুই দেশ টেকসই উন্নয়ন ও অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে তাদের উন্নয়নের কৌশলের সমন্বয় জোরদার, বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার পূর্ণ সদ্ব্যবহার এবং ‘অঞ্চল ও পথের উদ্যোগে’ কাজ করতে রাজি হয়েছে।
দুই পক্ষ বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করতে রাজি হয়েছে। অবকাঠামো, শিল্প উৎপাদনে সহযোগিতা, জ্বালানি ও বিদ্যুৎ, পরিবহন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং কৃষিকে চীন-বাংলাদেশ সহযোগিতার বাস্তব ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে। এসব ক্ষেত্রে বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করবে। বিদ্যুৎ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, নদী ব্যবস্থাপনা, অবকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তাবিত ২২টি প্রকল্পে সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সহযোগিতার বিষয়টি চীন সরকার বিবেচনার এবং তাদের ব্যবসায়ীদের উৎসাহিত করতে রাজি হয়েছে। দুই পক্ষ এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইএবি) রূপরেখার আওতায় তাদের সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে এবং বাংলাদেশের বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ব্যাংকের অর্থায়নকে স্বাগত জানিয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ সামরিক সহযোগিতা ও বিভিন্ন স্তরে সফর বিনিময় অব্যাহত রাখতে এবং প্রশিক্ষণ, যন্ত্রপাতি, প্রযুক্তি ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করতে রাজি হয়েছে।