উজ্জ্বল সাফল্য নিয়ে আজ দেশে ফিরছে বাংলাদেশ দল

গণিতের মহারণে দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থান দখল করে দারুণ প্রফুল্লচিত্তে রয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সদস্যরা। এই উজ্জ্বল সাফল্যকে ধারণ করে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন তাঁরা।
গতকাল বুধবার সকালটা নিজেদের মতো কাটিয়ে গণিত দলের সদস্যরা যোগ দেন সমাপনী অনুষ্ঠানে। জাতীয় পতাকা গায়ে জড়িয়ে প্রথমে ব্রোঞ্জপদক গলায় ঝুলিয়েছেন আসিফ-ই-এলাহী, আদিব হাসান, সাব্বির রহমান ও সাজিদ আকতার। পরে একইভাবে রৌপ্যপদক নিয়েছেন সানজিদ আনোয়ার। বাকি প্রতিযোগী নেয়ামুল ইসলামের নামও উঠেছে সম্মানজনক স্বীকৃতির তালিকায়।
থাইল্যান্ডের চিয়াং মাই-এর কাদ সুয়ান শপিং সেন্টারের কাদ থিয়েটারে গতকাল বিকেলে অনুষ্ঠিত হয় ৫৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠান। বরাবরের মতো বক্তব্যের পর্বটি ছিল খুবই সংক্ষিপ্ত। থাইল্যান্ডের শিক্ষাবিষয়ক উপমন্ত্রী এবং চিয়াং মাই বিশ্ববিদ্যালয়ের ডিন এতে বক্তব্য দেন। এরপর শুরু হয় পদক বিতরণ। একে একে দেওয়া হয় ব্রোঞ্জ, রৌপ্য ও স্বর্ণপদক। অনুষ্ঠান শেষে আইএমওর পতাকা তুলে দেওয়া হয় ২০১৬ সালের আয়োজক হংকংয়ের প্রতিনিধিদের হাতে।
রৌপ্যপদক জয়ী সানজিদ আনোয়ার তাঁর এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন মা-বাবাকে। আর কৃতজ্ঞতা জানিয়েছেন সৃষ্টিকর্তাকে। সানজিদ বিশেষ ধন্যবাদ দিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর সৌমিত্র চক্রবর্তীকে। ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্র থাকাকালীন সৌমিত্র ময়মনসিংহ প্যারালাল গণিত স্কুল চালু করেন। এ কারণে এখন প্রতিবারই ময়মনসিংহের প্রতিনিধি থাকেন জাতীয় দলে। এবারের মেন্টর আগেরবারের রুপাজয়ী নুর মোহাম্মদ শফিউল্লাহর অবদানের কথাও জানান দলের সবাই।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড শুধু গণিতের মহারণ নয়। এটি বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের এক বিশ্ব মিলনমেলাও বটে। এই অলিম্পিয়াডকে ঘিরে ১০৪টি দেশের প্রতিযোগীদের পরস্পরের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক।
বাংলাদেশের ছয় প্রতিযোগী অংশ নেন এবারের ৫৬তম অলিম্পিয়াডে। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় এই ছয়জনকে নির্বাচিত করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।