উজ্জ্বল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মো. উজ্জ্বল মিয়া হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল সোমবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের প্রথম বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার আবুল কাশেম (৫০) ও তাঁর ছেলে সুজন (২৪); কালু (৪৮) ও তাঁর ছেলে আজমান (২৬)। রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে সুজন হাজির ছিলেন। অন্য তিনজন পলাতক।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুর রহিম বলেন, ৩০২ ধারায় চার আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় অন্য ধারায় আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজনকে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন: আনার বেগম, আংশুরী বেগম, মুক্তি বেগম, লিপি, পারভীন ও মালেকা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৪ জুন বন্দর উপজেলার সোনাকান্দা বড় মসজিদ এলাকায় দুবাই-ফেরত উজ্জ্বল মিয়ার কাছ থেকে সিগারেটে আগুন ধরানোর জন্য লাইটার ধার নেন প্রধান আসামি সুজন। দুদিন পর সুজনের কাছে লাইটার ফেরত চান উজ্জ্বল। এই নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আসামি সুজন, কালু, আজমান, আবুল কাশেমসহ অন্য আসামিরা উজ্জ্বলকে ছুরিকাঘাতে হত্যা করেন। এই ঘটনায় উজ্জ্বলের বাবা লুৎফর রহমান সুজনসহ ১০ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলার রায় ঘোষণা করেন।
রায়ে অসন্তোষ প্রকাশ করে নিহত উজ্জ্বলের মা বকুল বেগম বলেন, এই রায়ে ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।