উজ্জ্বলের কান্না থামছে না
উজ্জ্বল কুমার দাস এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৭৫ পেয়েছিলেন। এইচএসসিতে পেয়েছেন জিপিএ-৫। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে পাসও করেছেন। কিন্তু ভর্তি হতে পারেননি। তাঁর ভ্যানচালক বাবা ভর্তির টাকা জোগাড় করে দিতে পারেননি। তাই পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় উজ্জ্বল দাস সারাক্ষণ বাড়িতে বসে কান্নাকাটি করছেন। উজ্জ্বল কুমার দাস ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের গোবিন্দ চন্দ্র দাসের ছেলে। তার বোন শিউলী রানী সপ্তম শ্রেণীতে আর ভাই দীপন কুমার বিশ্বাস ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। পাঁচ শতক জমির ওপর মাটির ঘর ছাড়া তাঁদের আর কোনো সম্পত্তি নেই। ঘরের ভেতরে তিন ভাই-বোন আর বারান্দায় মা-বাবা থাকেন। উজ্জ্বল বেশির ভাগ সময় অন্যের বাড়িতে থেকে পড়ালেখা করেছেন। উজ্জ্বল কুমার দাস বলেন, ‘বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি পাস করেছি। পঞ্চম শ্রেণীতে পাস করার পর মা-বাবা আর পড়ালেখা করাতে চাননি। কিন্তু ভালো ফল করায় বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আমাকে নিয়ে ভর্তি করে দেন। তাঁরা এসএসসি পর্যন্ত নানাভাবে সহযোগিতা করেছেন। এরপর ভর্তি হই আসাদুজ্জামান হোসনিন কেয়াবাগান আদর্শ কলেজে। সেখানে কলেজ হোস্টেলে থেকে পড়ালেখা করেছি। কলেজ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। এইচএসসি পাসের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ পেয়েছি। ভর্তির জন্য তার ১৭ হাজার টাকা প্রয়োজন ছিল। কিন্তু বাবা এই টাকা জোগাড় করে দিতে না পারায় ভর্তি হতে পারিনি।’ তিনি বলেন, ‘আমার গ্রামে হিন্দু সম্প্রদায়ের মধ্যে কেউ এসএসসি পাস করেনি। আমিই একটু পড়ালেখা করেছি। কিন্তু টাকার অভাবে শেষ পর্যন্ত আর যেতে পারলাম না। কী করব চিন্তাও করতে পারি না।’গোবিন্দ চন্দ্র দাস বলেন, ‘টাকার জন্য ছেলে ভর্তি হতে পারল না, এটা কোনো বাবা সহ্য করতে পারে না। ছেলের কান্না দেখে মাঝেমধ্যে মনে হচ্ছে বাবা হওয়াই আমার অপরাধ হয়েছে।’ কেয়াবাগান আদর্শ কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বলেন, ‘ছেলেটি দরিদ্র হওয়ায় কোনো খরচ ছাড়াই পড়ালেখার সুযোগ করে দেওয়া হয়েছিল। তার কাছ থেকে যে ফল আশা করেছিলাম তা সে দিয়েছে। এখন অর্থের অভাবে তার পড়ালেখা বন্ধ হয়ে যাবে, এটা ভাবতে কষ্ট হচ্ছে।’বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ মাহমুদ বলেন, ‘শুধু টাকার জন্য একটি ছেলের পড়ালেখা বন্ধ হয়ে যাবে, এটা ভাবতেই খারাপ লাগছে।’