রাজধানীর গুলশানের রেস্তোরাঁয় জিম্মি উদ্ধার অভিযানে নিহত জঙ্গি বগুড়ার ধুনটের শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বলের (২৫) বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদের ৪২ ঘণ্টা পর আজ বুধবার দুপুর ১২টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে।
গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বলের বাবা বদিউজ্জামান (৫৫) ও বড় ভাই আসাদুল ইসলামকে (৩২) বাড়ি থেকে থানায় নেওয়া হয়।
এদিকে উজ্জ্বলের মা আছিয়া বেগমের দাবি, তাঁর ছেলের লাশটি যেন ফেরত দেওয়া হয়।
গত শুক্রবার রাতে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা চালায় ৬ জঙ্গি। ওই হামলায় ৩ বাংলাদেশি ও ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন। জিম্মি উদ্ধার অভিযানে ৬ জঙ্গি নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের কৈয়াগাড়ি গ্রামের বদিউজ্জামানের ছোট ছেলে শফিকুল ইসলাম উজ্জ্বল গোসাইবাড়ি উচ্চবিদ্যালয় থেকে ২০০৫ সালে এসএসসি এবং গোসাইবাড়ি ডিগ্রি কলেজ থেকে ২০০৭ সালে এইচএসসি পাস করেন। এরপর বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হন। পরে পড়ালেখা বাদ দিয়ে ঢাকায় যান। ঢাকায় তিনি আশুলিয়া থানার শাজাহান মার্কেট এলাকায় মাদারী মাতব্বর কিন্ডারগার্টেন (কেজি) স্কুলে দুই বছর শিক্ষকতা করেন। নিহত উজ্জ্বলের পরিবার দাবি করেছে, ছয় মাস আগে সর্বশেষ বাড়ি এসেছিলেন উজ্জ্বল। দীর্ঘদিনের জন্য ‘তাবলিগের চিল্লায় যাচ্ছি’ বলে বাড়ি থেকে বিদায় নেন। এরপর আর বাড়ির সঙ্গে যোগাযোগ রাখেননি তিনি।
এরপর গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় অংশ নেন উজ্জ্বল। ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে পরিচয় পাওয়া যায় শফিকুলের। এ কারণে গত সোমবার বিকেলে বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান ও ধুনট থানা-পুলিশ উজ্জ্বলের সঠিক পরিচয় নিশ্চিত করতে তাঁর বাবা-ভাইকে বাড়ি থেকে থানায় নিয়ে আসেন। পরে বাবা ও ছেলেকে ডিএনএ পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে ঢাকায় নিয়ে যায়। সেখানে পরীক্ষা শেষে আজ বুধবার দুপুর ১২টার দিকে তাঁদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে উজ্জ্বলের বাড়িতে যান এই প্রতিবেদক। শফিকুল ইসলামের মা আছিয়া বেগম বলেন, ‘আমি আর কিছু চাই না, আমার ছেলের লাশটি যেন ফেরত দেওয়া হয়।’ তিনি আরও বলেন, তার এত ভালো ছেলে এ ধরনের ঘটনার সঙ্গে কীভাবে জড়িত হতে পারে, তা তিনি ভাবতে পারেন না।
উজ্জ্বলের বাবা বদিউজ্জামান বলেন, ‘পাড়া, প্রতিবেশী ও পুলিশের কাছে ছবি দেখে ছেলেকে চিনতে পেরেছি। আগে সবাই জানত শফিকুল খুব নরম ও ভদ্র ছেলে। সে যে কীভাবে এ পথে গেছে, তা আমি বুঝতে পারি না।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে বদিউজ্জামান ও তাঁর ছেলেকে ঢাকা থেকে ফিরিয়ে এনে ছেড়ে দেওয়া হয়েছে।’
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ‘শফিকুল ইসলাম উজ্জ্বলের সঠিক পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাঁর বাবা-ভাইকে থানায় আনা হয়েছিল।’
আরও পড়ুন: