উট পাখি ও কাঁচি নিয়ে লড়াই লটারিতে সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটযুদ্ধের আগেই উট পাখি আর কাঁচি প্রতীক নিয়ে যেন হয়ে গেল আরেক যুদ্ধ। বেশির ভাগ প্রার্থী এই দুটি প্রতীক চাওয়ায় গতকাল সোমবার নাটোরের গুরুদাসপুর, বগুড়ার কাহালু, জয়পুরহাটের আক্কেলপুর ও সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় লটারির মাধ্যমে এই লড়াইয়ের অবসান করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
গুরুদাসপুর (নাটোর): এ পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রতিদ্বন্দ্বী সদস্যের বেশির ভাগই উট পাখি ও কাঁচি প্রতীক দাবি করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আযম জানান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের বেশির ভাগের পছন্দের প্রতীক ছিল কাঁচি আর কাউন্সিলর প্রার্থীদের ছিল উট পাখি। পরে লটারির মাধ্যমে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করা হয়।
দুপচাঁচিয়া (বগুড়া): কাহালু পৌরসভায় কাউন্সিলর পদে উট পাখি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে কাঁচি প্রতীক নিয়ে ২১ জন প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা খাতুন বলেন, সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বেশির ভাগই উট পাখি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মধ্যে কাঁচি প্রতীকের দাবি ছিল সবচেয়ে বেশি। একাধিক প্রার্থী থাকায় পরে লটারির মাধ্যমে তা সমাধান করা হয়েছে।
আক্কেলপুর (জয়পুরহাট): এ পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের চারজন প্রার্থীর প্রতীক হিসেবে পছন্দ ছিল কাঁচি। এই কাঁচি নিয়ে তাঁদের মধ্যে শুরু হয় টানাহেঁচড়া। কাঁচি প্রতীক নিয়ে তাঁদের মধ্যে সমঝোতার সুযোগ দেওয়া হলেও তা অমীমাংসিতই থেকে যায়। অবশেষে লটারির মাধ্যমে কাঁচি প্রতীক লাভ করেন আক্কেলপুর পৌরসভা নির্বাচনে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদপ্রার্থী।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের সবাই কাঁচি প্রতীক চেয়েছিলেন। তাঁরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। অবশেষে লটারির মাধ্যমে তা লক্ষ্মী রানী নামে এক মহিলা কাউন্সিলর প্রার্থীকে দেওয়া হয়।
লক্ষ্মী রানী বলেন, ‘আমি কাঁচি প্রতীক ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু অন্য প্রার্থীরা ছেড়ে দিতে চাননি। তবে অবশেষে লটারিতে আমিই কাঁচি প্রতীক পেয়েছি।’
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): এ পৌরসভার নয়টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর বেশির ভাগেরই পছন্দের প্রতীক
উট পাখি। কোনো সমঝোতা না হওয়ায় রিটার্নিং কর্মকর্তা ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল আখতার লটারির মাধ্যমে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়ের তত্ত্বাবধানে প্রতীক বরাদ্দের এই কাজ সম্পন্ন হয়।