উটপাখি গ্যাঁড়াকল
রাজশাহীর তাহেরপুর ও ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচনে বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতীক চেয়েছেন। ফলে আজ বুধবার থেকে প্রচার চালানোর সুযোগ থাকলেও তাঁরা তা পারছেন না। অপেক্ষা করতে হবে প্রতীক বরাদ্দ হওয়া পর্যন্ত।
ভোট গ্রহণের ২১ দিন আগে থেকে প্রার্থীরা প্রচারণা চালাতে পারেন। উপজেলার ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভার ২৩ জন কাউন্সিলর প্রার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, এবার নির্বাচন কমিশন যে ১২টি প্রতীক বরাদ্দ দিতে যাচ্ছে, সেগুলো দেখতে অনেকটা একই রকম। এতে ভোটারদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা আছে। ব্যতিক্রম শুধু উটপাখি। ভোটাররা সরাসরি উটপাখির সঙ্গে পরিচিত না হলেও পাখি হওয়ায় সহজে তা চিহ্নিত করে ভোট দিতে পারবেন। তাই তাঁরা পছন্দের তালিকায় উটপাখি প্রতীক প্রথমে রেখেছেন।
ভবানীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলাম বলেন, উটপাখি চিনতে ভোটারদের সহজ হবে—এটা ভেবে তিনি এই প্রতীককে পছন্দের তালিকায় প্রথমে রেখেছেন। একই ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী হাচেন আলীও উটপাখি প্রতীক চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁরা পুরোদমে প্রচারণা চালাতে পারছেন না।
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জহুরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন থেকে দেওয়া ১২টি প্রতীকের মধ্যে উটপাখিই ভালো। এ জন্য তিনি উটপাখির জন্য আবেদন করেছেন। তাঁর ওয়ার্ডের আরেক প্রার্থী জিল্লুর রহমানও একই প্রতীক চেয়েছেন। তাই প্রচারণার সুযোগ থাকলেও তাঁরা তা পারছেন না। তাহেরপুর পৌরসভার প্রার্থী নুরুল ইসলামও একই কথা বলেন।
তবে রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বলেন, তাঁর ওয়ার্ডের অন্য প্রার্থীরা ‘উটপাখি’ প্রতীক প্রথম পছন্দের তালিকায় রাখলেও তিনি টেবিল ল্যাম্প রেখেছেন। এ কারণে তিনি নিজের প্রতীকের কথা জানিয়ে গণসংযোগ শুরু করেছেন। দরগামাড়িয়া গ্রামের বাসিন্দা ও ভবানীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আরেক প্রার্থী আবদুল আলী বলেন, তিনি একা পাঞ্জাবি প্রতীক চেয়েছেন। ভোটারদের কাছে নিজের প্রতীকের কথা বলছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, এবার ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভায় কাউন্সিলর পদে ৬১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের বেশির ভাগই পছন্দের তালিকায় প্রথমে রেখেছেন উটপাখি। একাধিক প্রার্থী একই প্রতীক চাইলে প্রথমে সমঝোতার চেষ্টা করা হবে। সেটা না হলে লটারির মাধ্যমে প্রতীক চূড়ান্ত করা হবে।