উটপাখি পেতে প্রার্থীদের ভাগ্যপরীক্ষা
জামালপুর পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীদের অধিকাংশেরই পছন্দের প্রতীক উটপাখি। ফলে প্রতীক বরাদ্দ দিতে তাঁদের মধ্যে লটারি করা হয়। ভাগ্যপরীক্ষায় উত্তীর্ণ হয়েই উটপাখি প্রতীক পেতে হয়েছে।
কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থী বলেন, নির্বাচন কমিশন সাধারণ কাউন্সিলরদের জন্য যে ১২টি প্রতীক বরাদ্দ দিয়েছে, তার অনেকগুলো দেখতে অনেকটা একই রকম। এতে ভোটারদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যতিক্রম শুধু উটপাখি। ভোটাররা সহজেই এই প্রতীকটি চিনতে পারবেন। ফলে অধিকাংশ প্রার্থীর পছন্দের প্রতীক উটপাখি। বিভ্রান্তিকর প্রতীকগুলো বরাদ্দ করা ঠিক হয়নি। উটপাখি প্রতীক নিয়ে সমঝোতা করতে গিয়ে অনেকের সঙ্গে কথা-কাটাকাটিও হয়েছে।
৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী আছিরুল হক বলেন, ‘এ ওয়ার্ডে সাতজন প্রার্থীর পছন্দ ছিল উটপাখি। সমঝোতার চেষ্টা করা হলেও, কেউ উটপাখি ছাড়তে রাজি হননি। পরে রিটার্নিং কর্মকর্তা লটারির ব্যবস্থা করেন। লটারিতে জামাল পাশা নামের একজন উটপাখি প্রতীক পান। উটপাখি চিনতে সহজ হবে—এটা ভেবে আমিও এই প্রতীক পছন্দের তালিকায় রেখেছিলাম। লটারিতে উটপাখি না পেয়ে পানির বোতল প্রতীক নিয়েছি।’
পৌরসভার সহকারী রিটার্নিং কর্মকর্তা আনোয়ার মাহমুদ বলেন, পৌরসভার ১২টি ওয়ার্ডের ৯২ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর অধিকাংশেরই পছন্দের তালিকায় প্রথমে ছিল উটপাখি। প্রার্থীদের মধ্যে প্রথমে সমঝোতার চেষ্টা করা হয়েছে। সমঝোতায় রাজি না হওয়ায় লটারির মাধ্যমে প্রতীক চূড়ান্ত করা হয়েছে।