উটের জকি হিসেবে কাজ করা দেবানন্দ পেলেন পাচার প্রতিরোধে সম্মানজনক স্বীকৃতি
দুবাইতে উটের পিঠের ওপর বসিয়ে দেবানন্দের ছোট শরীরটা রশি দিয়ে বেঁধে দেওয়া হতো। দেবানন্দের চিৎকার শুনে উট দৌড়ের মাত্রা বাড়িয়ে দিত। আর তাতেই মালিক দৌড় প্রতিযোগিতায় জিতে যেতেন। মালিক দুটো দামি পাজেরোসহ উপহারও পেয়েছিলেন। উটের পিঠ থেকে রশি ছিঁড়ে পড়ে দেবানন্দ প্রাণটা ফিরে পেয়েছিলেন, তবে সেই আঘাত যত দিন বাঁচবেন তত দিন মনে রাখতে বাধ্য হবেন।
১৯৯০ এর দশকে উটের জকি, উটের সওয়ার সেই দেবানন্দ মণ্ডল এখন নিজেই তিন বছর বয়সী সন্তানের বাবা। উটের জকি হিসেবে যখন কাজ করতে বাধ্য হয়েছিলেন তখন দেবানন্দের বয়স চার বা পাঁচ বছর ছিল। নির্যাতনের স্মৃতি তেমনভাবে মনে থাকার কথা নয় বা মনেও নেই। কিন্তু দেবানন্দ বললেন,‘না চাইলেও সেই সব গল্প চোখের সামনে থেকেই যাচ্ছে। বাবার সঙ্গে দেশে ফেরার পর এই গল্পগুলো বাবাকে এবং আমাকে এতবার বলতে হয়েছিল যে তা মুখস্থ হয়ে গেছে। এরপর বহু বছর পর দুবাই সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া এমনকি আমার কর্মস্থল ব্র্যাক থেকে একটি পুরস্কার পাওয়ার আগেও বিষয়টি সামনে এসেছে। অফিসের লকারে রাখা ছোট বেলার বয়স বাড়িয়ে বানানো পাসপোর্টটিও ভুলতে দেয় না দিনগুলোর কথা।’
দেবানন্দ মানবপাচার, আটকে পড়া অভিবাসী শ্রমিক, ফেরত আসা অভিবাসী শ্রমিকের কষ্ট-এ বিষয়গুলো নিয়ে কাজ করতে গিয়ে একেকজন ভুক্তভোগীর মধ্যে নিজেকেই খুঁজে পান। ২০১৩ সাল থেকে তিনি কাজ করছেন বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচিতে। আর এ কাজের জন্যই সংস্থাটির ৫০ বছর পূর্তিতে এ বছর পেয়েছেন ‘স্যার ফজলে হাসান আবেদ ভ্যালুস অ্যাওয়ার্ড’। সততা ও নিষ্ঠাসহ বিভিন্ন মূল্যবোধ বিবেচনাতে ব্র্যাকের দেশে এবং আন্তর্জাতিক কর্মীসহ ১৬ জন কর্মীর সঙ্গে দেবানন্দ পেয়েছেন এ সম্মাননা। এ সম্মাননার আর্থিক মূল্য দুই লাখ টাকা।
দেবানন্দ বর্তমানে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম যশোরের জেলা ব্যবস্থাপক হিসেবে কর্মরত। বৃহস্পতিবার মুঠোফোনে কথা হলো তাঁর সঙ্গে। বললেন, উটের জকি হিসেবে কাজ করতে হবে তা জানা ছিল না দেবানন্দের পরিবারের। শর্ত ছিল দেবানন্দ গেলে তবেই তাঁর বাবা গোপাল চন্দ্র মণ্ডল দুবাইতে কাজ পাবেন। এ শর্তে দেবানন্দ বাবার হাত ধরে পথে নেমেছিলেন। তখন দেবানন্দের গ্রাম এবং পাশের গ্রাম থেকেও কয়েকজন তাঁদের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে দুবাই রওনা হয়েছিলেন। তারপর আন্তর্জাতিক চাপে একটি আন্তর্জাতিক সংস্থার মধ্যস্থতায় বাংলাদেশ সরকারের উদ্যোগে দেবানন্দ ও তাঁর বাবা এক বছরেও কম সময়ের মধ্যে ১৯৯৩ সালে দেশে ফিরে আসতে পেরেছিলেন। দেবানন্দ জানালেন, তাঁর সঙ্গে যাওয়া পাশের গ্রামের একটি শিশু ফিরতেই পারেনি।
ব্র্যাকের পুরস্কার পাচ্ছেন তা আগে থেকে জানতেন কি না জানতে চাইলে দেবানন্দ হেসে বললেন, ‘পুরস্কার পাওয়ার জন্য নিজের কাজ, জীবনীসহ বিভিন্ন তথ্য জমা দিয়েছিলাম। তারপর যাচাইবাছাই এর বিভিন্ন প্রক্রিয়া গেছে। তবে শেষ পর্যন্ত আমি পুরস্কারটি পাচ্ছি তা জানার কোনো উপায় ছিল না। কর্তৃপক্ষ নাম ঘোষণা করার পর নিশ্চিত হয়েছি। এত বড় সম্মানজনক পুরস্কারটি পেয়ে কাজের প্রতি আগ্রহ আরও বেড়েছে।’
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসানসহ দেবানন্দের অন্য সহকর্মীরা তাঁদের ফেসবুকে দেবানন্দকে অভিনন্দন জানিয়েছেন। দেবানন্দ অন্যদের জন্য অনুপ্রেরণা তাও অকপটে সহকর্মীরা লিখেছেন ফেসবুকে।
২০১৩ সাল থেকে কাজের ধারাবাহিকতায় দেবানন্দের এবার মিলেছে এই পুরস্কার। প্রথমে দেবানন্দ খুলনায় বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের মধ্যে সচেতনতা তৈরির কাজ করেন। ২০১৪ সালে ময়মনসিংহ এবং কিশোরগঞ্জে কাজ করতে গিয়ে অভিবাসীদের ‘বন্ধু’ হিসেবে স্বীকৃতি পান। ২০১৫ সালে ময়মনসিংহে জাল ভিসায় সৌদি আরব যাওয়ার আগেই দেবানন্দের তৎপরতায় ২৫ জন নারী রক্ষা পেয়েছিলেন। অভিবাসী শ্রমিকদের লাখ লাখ টাকা ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখেন দেবানন্দ। ২০১৯ সালে মুন্সিগঞ্জের সেন্টার ম্যানেজার হিসেবে কর্মরত থাকা অবস্থায় ইউরোপের লোভ দেখিয়ে আলজেরিয়ায় অবৈধভাবে লোক পাঠানোর বিষয়টিও তাঁর চোখে পড়ে। তখন তিনি সেসব তথ্য দিলে সরকার বিষয়টি অনুসন্ধান করে দুটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে। ক্ষতিগ্রস্তদের ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতেও বাধ্য হয়েছিল প্রতারক চক্র। নিজ উদ্যোগে অভিবাসী শ্রমিকের সন্তানের জন্য বৃত্তির আবেদন করা, বিদেশে মারা যাওয়া শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ পাইয়ে দিতে সহায়তা করাসহ বিভিন্ন কাজ করেন তিনি। গত দুই বছর মূলত করোনাকালীন সময়ে যশোরে পাচার প্রতিরোধে বিভিন্ন কাজের জন্য দেবানন্দ প্রশংসিত হন। এ সময়ে মানব পাচারের শিকার ১৫২ জনকে চিহ্নিত করে বিভিন্ন সেবার আওতায় এনেছেন।
ব্র্যাকের সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জে আলজেরিয়া ফেরত ১০ জন শ্রমিক ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়ে খুশি হয়ে দেবানন্দকে ২০ হাজার টাকা দিতে চেয়েছিলেন। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে সে টাকা নিতে অনিচ্ছা প্রকাশ করেন। এভাবে কোটি টাকা পর্যন্ত বিভিন্ন আর্থিক সহায়তার ক্ষেত্রেও দেবানন্দের বিরুদ্ধে কখনোই কোনো আর্থিক অনিয়মের অভিযোগ কেউ আনতে পারেননি। কর্মক্ষেত্রে সময় মতো উপস্থিত হওয়া, সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারসহ বিভিন্ন আচরণও এবার পুরস্কার পেতে বিবেচিত হয়েছে। দেবানন্দ করোনার সময় বিদেশ ফেরত অভিবাসী এবং পাচারের হাত থেকে উদ্ধার পাওয়া নারী ও মেয়ে শিশুদের বাড়ি যেতেন। তাদের দুর্দশা দেখে তিনি জরুরি সহায়তা দেওয়ার বিষয়টি উত্থাপন করেন। তবে প্রকল্পের আওতায় এ ধরনের কোনো সহায়তা দেওয়ার ব্যবস্থা ছিল না। পরে দাতা সংস্থাকে জানালে ২০২ জনকে সাত লাখ টাকা জরুরি সহায়তা দেওয়া হয়।
পাচারের শিকার ছয়জন প্রতিবন্ধী শিশুকে দেশে ফেরত আনা এবং পুনর্বাসন কাজের জন্যও প্রশংসিত হন দেবানন্দ। পাচার প্রতিরোধে যশোরের ৫৪টি কমিটিকে সচল করা, সচেতনতা তৈরিতে টিকটক ভিডিও প্রচার, কাজে নেতৃত্ব দেওয়া-এ কাজগুলোও সবার চোখে পড়েছে।
খুলনার ডুমুরিয়ার দেবানন্দ এবং তাঁর দুই ভাই এখন চাকরিজীবী। পরিবারে এখন আর সেই অর্থে অভাব নেই। বাবা এবং মা সবিতা রানি মণ্ডলকে এখন আর কাজ করে খেতে হয় না।
দেবানন্দ বললেন,‘অভাবের সংসারে মা, বাবা, এবং তিন ভাই এমন কোনো কাজ নেই যা করি নাই। উটের জকি হিসেবে কাজে যাওয়ার আগে বাবার চালের ব্যবসা ছিল। এলাকায় লবণাক্ততার জন্য ফসল ভালো হতো না। চালের ব্যবসায় মন্দা দেখা দেয়। পাচারকারী চক্র বড়দের ৫০০ দেরহামে চাকরি পাওয়ার লোভ দেখায়। শুধু শর্ত ছিল ছোট সন্তান নিয়ে যেতে হবে। আমি ভাইদের মধ্যে ছোট, ওজন কম বলে আমাকে নিতে বলে পাচারকারীরা। সেখান থেকে ফিরে আসার পর মা মুড়ি ভাজতেন, আর বাবা তা বিক্রি করতেন। এ দিয়েই আমাদের তিন ভাইকে পড়াশোনা করান। আমি টিউশনি, ঘাস বিক্রি, কাঁচামালের ব্যবসা, কোয়েলের খামার, দিন মজুরিসহ বিভিন্ন কাজ করেছি।’
খুলনার বিএল কলেজ থেকে ইতিহাসে এম এ করা দেবানন্দ শিশু বয়সে উটের পিঠ থেকে পড়ে যাওয়ার ক্ষতিপূরণ হিসেবে এক লাখ ৩৬ হাজার টাকা পেয়েছেন ২০১০ সালে। জানালেন, সেই ছোট বেলার মাথায় আঘাত পাওয়ার জের টানতে হচ্ছে এখনো।
ছয় মাস শরীরের এক পাশ প্রায় অবশ ছিল। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকেও ঘুরে আসতে হয়েছে। এখনো একটু বেশি পরিশ্রম করলেই শরীর কাহিল হয়ে যায়।
দেবানন্দের স্ত্রী শিল্পী লতা ধর পড়াশোনা শেষ করে চাকরির অপেক্ষায় আছেন। মেয়ের নাম ভক্তিশ্রী দৃশী মন্ডল । দেবানন্দ বলেন,‘আমার ভাগ্য ভালো ছিল, দেশে ফিরে আসতে পেরেছিলাম। দেশে ফিরে পড়াশোনা ও চাকরির সুযোগ পেয়েছি। আমার সঙ্গে অন্য যারা গিয়েছিল তারা এ সুযোগ পায়নি। আমি চাই যাতে কোনো শিশুকে আমার মতো পরিস্থিতিতে পড়তে না হয়। কেউ যদি এ ধরনের পরিস্থিতির শিকারও হয় তার পাশে যাতে অন্যরা দাঁড়ায়। আন্তর্জাতিক চাপে উটের জকির কাজ বন্ধ হয়েছে, তবে শিশুদের দিয়ে কাজ করানো, মেয়ে শিশুদের যৌন কাজ করাতে এমনকি প্রতিবন্ধী শিশুদের শরীরের বিভিন্ন অঙ্গ বিক্রি করার জন্যও শিশুরা পাচারের শিকার হচ্ছে।’
মুঠোফোনে কথা হয় দেবানন্দের বাবা গোপাল চন্দ্র মন্ডলের সঙ্গে। বললেন, তিনি দুবাই যাওয়ার আগে জানতেন না তাঁর ছেলেকে দিয়ে এত কঠিন কাজটি করানো হবে। উটকে খাবার দেওয়া, দৌড় প্রতিযোগিতার প্র্যাকটিস করতে না চাইলেই তাঁর ছেলেসহ অন্য শিশুদের নির্যাতন করা হতো। বললেন,‘বাচ্চাগুলোর কষ্ট চোখে দেখা যেত না। প্রতিবাদও করতাম। পরে তো দেশে ফেরার সুযোগ পাই।’
গোপাল চন্দ্র মণ্ডল বললেন, ওজন যাতে না বাড়ে সে জন্য শিশুদের খাবার কম দেওয়া হতো। বিভিন্ন ইনজেকশন দেওয়া হতো। তার প্রভাবেই হয়তো এখনো শারীরিক নানান জটিলতা পোহাতে হচ্ছে ছেলেকে।