নদীতে মাছ ধরে খরচ তুলতে পারছেন না। আবার সাগরে যেতে পারছেন না দস্যুর আতঙ্কে। বাধ্য হয়ে ভোলার লক্ষাধিক জেলে ডাঙায় উঠে আসছেন। বেকার হয়ে পড়ায় এখন অভাবে-অনাহারে দিন কাটছে তাঁদের।
সম্প্রতি সরেজমিনে ভোলা সদর, দৌলতখান, চরফ্যাশন, লালমোহন ও তজুমদ্দিন উপজেলার ৫০টি মাছঘাটে দেখা গেছে, জেলেরা গভীর নদী ও সাগরে মাছ ধরার কাজে ব্যবহার করা ট্রলারগুলো ডাঙায় তুলে রাখছেন। মাছ ধরার বড় ফাঁকা জাল ও মালামাল গুটিয়ে নিচ্ছেন গুদামে। নদীতে কয়েকটি বড় ট্রলার আর কয়েক শ ছোট নৌকা। ছোট নৌকার জেলেরা অবৈধ জাল পাতছেন। আড়তে বেচার জন্য এসব জেলেরা ঝুড়িতে করে ছোট মাছ আনছেন। আর বৈধ জালের জেলেরা আনছেন আট থেকে নয়টি বড় মাছ।
তজুমদ্দিন স্লুইসঘাটের জেলে আমির হোসেন বলেন, শুকনো মৌসুমে বড় মাছ পাওয়া যাচ্ছে সাত-আটটি, যা দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রি হয়।
দৌলতখানের নতুন ঘাটের মৎস্য আড়তদার হাজিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ডিজেল ও খাওয়া খরচ নিয়ে নদীতে মাছ ধরতে নামলে দিনে পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হচ্ছে। দিন শেষে পাওয়া যাচ্ছে দুই থেকে তিন হাজার টাকা। ওই টাকায় তেমন লাভ হয় না। তাই ট্রলার ডাঙায় তুলে রেখেছেন।
চরফ্যাশন ঢালচর মাছঘাটের খলিল মাঝি, লোকমান মাঝি; মনপুরা রামনেওয়াজ মাছঘাটের শাহাবুদ্দিন, তালতলীর নুরে আলম মাঝিসহ একাধিক জেলে বলেন, দুই-তিন বছর আগে শুকনো মৌসুমে বড় ইলিশ না পাওয়া গেলেও বড় বড় পাঙাশ, বোয়াল, কোরালসহ নানা রকম মাছ পাওয়া যেত।
চরফ্যাশন ঢালচরের মৎস্য আড়তদার সমিতির সভাপতি আবদুস সালাম হাওলাদার বলেন, নদীতে মাছ না পাওয়ায় জেলেরা সাগরে মাছ ধরতে যান। কিন্তু সাগরে দস্যুর উপদ্রব বাড়ায় জেলেরা সেই সাহস পাচ্ছেন না।
দৌলতখানের মৎস্য ব্যবসায়ী আবু বকর সিদ্দিক বলেন, সাগরে সুন্দরবন, পাথরঘাটা, হাতিয়া, বাঁশখালী ও কুতুবদিয়া-কক্সবাজারের দস্যুরা লুটপাট ও জেলেদের ওপর নির্যাতন চালাচ্ছে। গত দুই মাসে ভোলার ১২টি ট্রলারসহ ৪৫ জন জেলেকে অপহরণ করা হয়েছে। পরে কয়েক লাখ টাকা মুক্তিপণ দিয়ে জেলেদের ছাড়িয়ে আনতে হয়েছে।
বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতি ভোলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ভোলায় মাছ না পেয়ে ডাঙায় উঠে এসেছেন প্রায় দেড় লাখ জেলে। পেটের দায়ে কিছু জেলে নদীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরছেন। কেউ ঢাকা, চট্টগ্রামে চলে গেছেন। কেউ রিকশা চালাচ্ছেন। অনেকে বেকার হয়ে অভাবে-অনাহারে দিন কাটাচ্ছেন।
দৌলতখানের মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার বলেন, নদীতে শুকনো মৌসুমে বড় ইলিশ না পাওয়া গেলেও অন্য বড় মাছ পাওয়ার কথা। অবৈধ জালে সারা বছর রেণু পোনা-জাটকা শিকারের কারণে মাছ বড় হচ্ছে না।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ চন্দ্র মল্লিক বলেন, আপাতত বেকার জেলের অভাব মেটাতে সরকারের কোনো বরাদ্দ নেই।