উঠতি বয়সী সন্ত্রাসীদের তালিকা তৈরি করছে মহানগর পুলিশ
রাজধানীর বিভিন্ন এলাকার উঠতি বয়সী সন্ত্রাসীদের তালিকা তৈরি করছে ঢাকা মহানগর পুলিশ। সংশ্লিষ্ট থানার পুলিশ এ তালিকা তৈরি করে সন্ত্রাসীদের কর্মকাণ্ড অনুযায়ী গ্রেপ্তার অভিযান শুরু করবে। আগামী এক মাসের মধ্যে তালিকা তৈরি শেষ হবে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশের মাসিক অপরাধ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক। পুলিশ কমিশনার জানান, রাজধানীর থানাভিত্তিক উঠতি বয়সী সন্ত্রাসীদের তালিকা তৈরি শেষ হলে কার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, তা বিশ্লেষণ করা হবে। পরে তাদের অপরাধের ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাদের বিরুদ্ধে তুলনামূলক অভিযোগ কম থাকবে, তাদের অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে উঠতি সন্ত্রাসীদের সংশোধন করার জন্য অনুরোধ করা হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের সচেতন করতে থানার পুলিশ কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্ট এলাকার কমিউনিটি পুলিশ কাজ করবে। ভারতে পালিয়ে থাকা শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের ব্যাপারে তিনি জানান, পুলিশ সব সন্ত্রাসীকে সমান মনে করে।যানজট নিয়ন্ত্রণে চালু করা লেন পদ্ধতির বাস্তবায়ন সম্পর্কে ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানান, লেন পদ্ধতি চালুর জন্য পুলিশের অভিযান শুরুর পর থেকে ভুয়া লাইসেন্স এবং কাগজপত্রবিহীন যানবাহন রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায়।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কে এম শহীদুল হক জানান, থানায় মামলা করতে গিয়ে এখন কেউ হয়রানির শিকার হন না এবং থানা মামলা গ্রহণ করে না—এ ধরনের অভিযোগও মিথ্যা। তবে যাঁরা আদালতে মামলা দায়ের করতে যান, তাঁরা মামলার গুরুত্ব বাড়াতে এজাহার কপিতে থানা মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছে—এমন কথা লিখে দেন।সংবাদ সম্মেলনে গত ডিসেম্বর মাসের অপরাধচিত্র তুলে ধরে ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক দাবি করেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। সভায় বলা হয়, গত বছরের নভেম্বর মাসের চেয়ে ডিসেম্বর মাসে ডিএমপিতে ৩১টি মামলা কম হয়েছে। ডিসেম্বর মাসে রাজধানীতে ডাকাতির ঘটনায় আটটি, দস্যুতার জন্য ২৩টি, চুরির ঘটনায় ১৬৪টি, খুনের ঘটনায় ২৩টি, ধর্ষণের অভিযোগে নয়টি, অপহরণের জন্য ৩০টি, যৌতুক দাবির ঘটনায় ৩১টি, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৬৯৮টি, অস্ত্র উদ্ধারে ৫৭টি, গাড়ি চুরির ঘটনায় ৫৫টি, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ৮৮টি মামলা হয়েছে। এর বাইরে আদালতে দায়ের হয়েছে ৬০টি মামলা। এ ছাড়া ডিসেম্বর মাসে রাজধানীর ৪০ থানার তালিকাভুক্ত সন্ত্রাসীর মধ্যে ১৬ জন গ্রেপ্তার হয়েছে। সভায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ডিএমপির অপরাধ বিভাগের উপকমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।