উঠতেই হবে, এই প্রতিজ্ঞাই মুসাকে নিয়ে গেছে চূড়ায়
এভারেস্টে ওঠার পথে চারটি মৃতদেহ দেখেছিলেন মুসা ইব্রাহীম। অন্য একজন দেখেছিলেন নয়টি। তাঁরা সবাই এভারেস্টের চূড়ায় ওঠার চেষ্টা করেছিলেন। শুধু ২০১০ সালেই এমন চেষ্টা করে জীবন হারিয়েছেন ছয়জন। এসব মৃতদেহ দেখে মুসার মনে হয়েছিল, থামলেই মৃত্যু। তাঁকে উঠতেই হবে। শেষ পর্যন্ত উঠেছেন তিনি। এভারেস্টের চূড়ায় উড়িয়েছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা।প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করে দেশে ফেরার এক দিন পর গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন মুসা ইব্রাহীম। এ সময় তিনি এসব কথা বলেন। বাংলাদেশে পর্বতারোহীদের ক্লাব নর্থ আলপাইন ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত তোলা অসংখ্য ছবি প্রদর্শন করা হয়। এ সময় অভিযানের বর্ণনা দেন মুসা। মুসা জানান, বেসক্যাম্প থেকে এভারেস্টের চূড়ায় পৌঁছা পর্যন্ত তাঁর সময় লেগেছে ৪০ দিন। ‘কখনো কি মনে হয়েছে, আর পারব না, থেমে যাই’—জানতে চাইলে মুসা বলেন, ‘প্রতিদিন আমি আত্মবিশ্বাসী হয়ে উঠছিলাম। ১৯ এপ্রিল অগ্রবর্তী বেসক্যাম্প থেকে প্রথম দিনে নর্থকোলে (সাত হাজার ১০০ মিটার উঁচু একটি স্থান) যেতে সময় লাগল নয় ঘণ্টা। অথচ তৃতীয়বারে সময় লাগল পাঁচ ঘণ্টা। তখন থেকে একটিবারের জন্যও মনে হয়নি আমি পারব না।’মুসা জানান, এভারেস্ট জয়ের উদ্দেশ্যে তিনি নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছান গত ৮ এপ্রিল। ১০ এপ্রিল তিনি তিব্বতে যান। সেদিনই ১২ হাজার ফুট উঁচুতে নিয়ালাম নামে একটি জায়গায় যান। সেখানে গিয়েই অক্সিজেনের অভাব বোধ করতে থাকেন। অক্সিজেনের অভাবে সারাক্ষণ মাথাব্যথা তাঁর সঙ্গী হয়ে ওঠে। পরদিন ১৪ হাজার ফুট উঁচুতে তিংরি নামে একটি জায়গায় যান। সেখানে থাকেন দুই রাত। মুসা যে প্রতিষ্ঠানের মাধ্যমে অভিযানে নেমেছিলেন, সেই প্রতিষ্ঠান এরপর তাঁকে গাড়িতে করে সাড়ে ১৭ হাজার ফুট উঁচু বেসক্যাম্পে নামিয়ে দেয়। এলাকাটির নাম লামা।এরপর থেকেই শুরু বিপজ্জনক অভিযানের। অগ্রবর্তী বেসক্যাম্পে যাওয়ার পর বরফের খাড়া দেয়াল বেয়ে উঠতে হয়। এভাবে নর্থকোল পর্যন্ত একাধিকবার যাওয়া-আসা করেছেন মুসা। এই পথে আছে বিপজ্জনক ফাটল। ফাটলের ওপর মই দেওয়া আছে। তবে পা ফেলতে হয় খুব সাবধানে। একবার পা পিছলালেই সব শেষ। অগ্রবর্তী বেসক্যাম্প থেকে নর্থপোল পর্যন্ত এ রকম তিনটি বিপজ্জনক ফাটল পার হতে হয়েছে তাঁকে।বিভিন্ন প্রশ্নের জবাবে মুসা ইব্রাহীম জানান, এভারেস্টের চূড়াটি লম্বায় ৩০ ফুট আর চওড়ায় ছয় ফুট। সেখানে তিনি ২৫ মিনিটের জন্য ছিলেন। চূড়া থেকে নিচের দিকে তাকালে শুধু খাড়া বরফের দেয়াল দেখা যায়। এভারেস্টের ২৬ হাজার ফুট থেকে ২৯ হাজার ফুট পর্যন্ত এলাকাকে ‘ডেথ জোন’ বলে। এখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ শতকরা ৩৩ ভাগ। এত কম অক্সিজেনে মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। এ কারণে তিনি সাতটি অক্সিজেনের সিলিন্ডার সঙ্গে নিয়েছিলেন। এখন কী করতে চান—জানতে চাইলে মুসা বলেন, তিনি এখন তরুণদের তাদের পছন্দমতো কাজ করতে উৎসাহিত করতে চান। আর বাংলাদেশে পর্বতারোহণের প্রশিক্ষণের জন্য একটি দেয়াল বানাতে চান। এ জন্য জমি ছাড়াই ২৬ লাখ টাকা দরকার। আরেক প্রশ্নের জবাবে মুসা জানান, এভারেস্ট অভিযানের মোট খরচের এক-চতুর্থাংশ বিভিন্ন প্রতিষ্ঠান তাঁকে অনুদান হিসেবে দিয়েছে। বাকি টাকা তিনি তাঁর বোনের কাছ থেকে ঋণ করেছেন। নর্থ আলপাইন ক্লাবের সভাপতি ও প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, মুসা প্রমাণ করেছে সততা, প্রতিজ্ঞা আর অধ্যবসায় থাকলে অনেক কিছুই সম্ভব। ২০০২ সাল থেকেই লেগেছিল সে। তার লক্ষ্যই ছিল ২০১০ সালে সে এ কাজ করবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান বলেন, ‘মুসা যে মানসিক শক্তি দেখিয়েছে, তাতে বাংলাদেশের প্রতিটি লোক তাঁকে সমর্থন করবে। আমরা যদি তাঁকে সমর্থন করার সুযোগ পাই, আমরা বাধিত হব।’ মুসাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া তিন শেরপা কৈলাশ তামাং, সোম বাহাদুর তামাং ও লাকপা নূর শেরপাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ৫ জুন নাগরিক সংবর্ধনা : এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমকে ৫ জুন ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে তাঁকে পথ দেখানো শেরপারাও উপস্থিত থাকবেন। সংবর্ধনায় দেশের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান ব্যক্তিরা মুসাকে অভিনন্দন জানাবেন। অনুষ্ঠান আয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরীকে আহ্বায়ক করে প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে।