উঠলেই কেঁপে ওঠে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও শহরের পাশে ঠাকুরগাঁও-পাটিয়াডাঙ্গী সড়কের সেনুয়া নদীর ওপর নির্মিত বেইলি সেতুতে গর্তের সৃষ্টি হয়েছে। এরপরও ঝুঁকি নিয়ে এর ওপর দিয়ে যান চলাচল করছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ঠাকুরগাঁও শহরের পাশে ঠাকুরগাঁও-পাটিয়াডাঙ্গী সড়কের সেনুয়া নদীর ওপর নির্মিত বেইলি সেতুতে গর্তের সৃষ্টি হয়েছে। এরপরও ঝুঁকি নিয়ে এর ওপর দিয়ে যান চলাচল করছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

দীর্ঘদিন ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায়। হালকা যানচলাচল সচল রাখতে বছর চারেক আগে সেতুর ভাঙা অংশে কয়েকটি লোহার পাটাতন বসিয়ে সেতুর দুই পাশে লিখে দেওয়া হয়, ‘সাবধান। সামনে ঝুঁকিপূর্ণ সেতু। ভারী যানবাহন চলাচল নিষেধ।’ কিন্তু ওই নিষেধাজ্ঞা অমান্য করে সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালবোঝাই যানবাহন চলছে। মেরামত করা পাটাতনগুলোতে এখন গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন উঠলেই বিকট শব্দে কেঁপে ওঠে সেতুটি।
এই অবস্থা ঠাকুরগাঁও শহরের পাশে ঠাকুরগাঁও-পাটিয়াডাঙ্গী সড়কের সেনুয়া নদীর ওপর নির্মিত বেইলি সেতুর। এলাকার কয়েকজন বাসিন্দা ও এলজিইডি সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে ১৯৮৭ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-পাটিয়াডাঙ্গী সড়কের সেনুয়া নদীর ওপর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) লোহার বেইলি সেতু নির্মাণ করে। সেতু দিয়ে ইটভাটার ভারী যানবাহনসহ মালবোঝাই যানচলাচলের কারণে কিছুদিনের মধ্যে সেতুর পাটাতনের লোহার পাতগুলো বেঁকে ও খুঁটিগুলো নড়বড়ে হয়ে যায়। ২০১১ সালে সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাছে হস্তান্তর করা হয়। পরে একই বছরের জুলাই মাসে এলজিইডি সেতুর ভাঙা অংশে লোহার নতুন পাটাতন বসিয়ে দেয়। সেতুর দুই পাশে লিখে দেওয়া হয় সাবধানবাণী। কিন্তু বিকল্প না থাকায় ভারী যানবাহনও সেতুর ওপর দিয়েই চলতে থাকে। মেরামত করা পাটাতনগুলো এখন আলগা হয়ে গেছে। সেতুর অনেক জায়গায় তৈরি হয়েছে গর্ত। এখন ভারী যানবাহনই শুধু নয়, হালকা যানবাহন উঠলেই সেতুটি কাঁপে।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, সদর উপজেলার সালন্দর, আকচা ও রাজাগাঁও এবং পঞ্চগড়ের আটোয়ারী, বলরামপুর ইউনিয়নের বাসিন্দাদের ঠাকুরগাঁও শহরে চলাচলের প্রধান সড়কের ওপরই এই সেতু। সেতুটি এড়াতে চাইলে প্রায় ১৫-২০ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যানবাহন নিয়ে যেতে হয়। তাই ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়েই সেতু দিয়ে চলাচল করেন যানবানের চালকেরা। এ ছাড়া ওই পথে ফাড়াবাড়ি ও পাটিয়াডাঙ্গী হাট রয়েছে। হাট দুটিতে গবাদিপশু, ধানসহ নানা পণ্য কেনাবেচা হয়। এ ছাড়া ঠাকুরগাঁও সদরের বরুনাগাঁও, ইয়াকুবপুর, পাটিয়াডাঙ্গী এলাকায় রয়েছে কয়েকটি ইটভাটা। রয়েছে কাজী ফার্মসের মুরগির খামার। এসব ইটভাটা ও মুরগির খামারের ভারী যানবাহন ওই ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করে।
সরেজমিনে সম্প্রতি দেখা যায়, সেতু দিয়ে পণ্যবোঝাই ট্রাক, ট্রাক্টর, ভটভটি ও যাত্রীবোঝাই ইজিবাইক চলছে। পণ্যবোঝাই যান ওঠার সঙ্গে সঙ্গেই সেতুতে শুরু হয় ঝাঁকুনি। এরপরও থেমে নেই যানচলাচল। মালবোঝাই একটি ট্রাক নিয়ে পাটিয়াডাঙ্গী হাটে যাচ্ছিলেন হাসান আলী নামের এক চালক। তিনি বলেন, ‘সেতুতে উঠলেই কাঁপে।’
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৈমুর রহমান বলেন, ‘বেইলি সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। দ্রুত নতুন করে সেতু নির্মাণের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ এলজিইডির ঠাকুরগাঁও কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহানুর বলেন, ‘সেতুটির গুরুত্ব বিবেচনা করে সেনুয়া বেইলি সেতুর জায়গায় নতুন একটি সেতু নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।’