সাতকানিয়া পৌরসভায় মতবিনিময়ে বক্তারা
উঠান বৈঠক করে দুর্যোগের ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে
বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। এ ব্যাপারে সবার সজাগ থাকা জরুরি। এ জন্য প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক করে দুর্যোগের ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে।
সাতকানিয়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত ‘দুর্যোগ–পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী করণীয়’ বিষয়ে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ২০ এপ্রিল এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা আরও বলেন, সাতকানিয়া পৌরসভার বেশির ভাগ এলাকা প্রতি বছর বন্যার পানিতে তলিয়ে যায়। এতে এলাকার লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়। ছোট খাল ও পানি প্রবাহের স্থান অবৈধভাবে দখলে রেখে ভরাট করা হয়েছে কিনা তা খুঁজে বের করে দখলদারদের কাছ থেকে তা উদ্ধার করতে হবে।
পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ, কাউন্সিলর এ কে এম মোর্শেদ, নেচার উদ্দিন আহমদ চৌধুরী, নুরুল হক, সাইফুল আলম, শিকু আরা বেগম, মাছুমা বেগম, ব্র্যাক ওয়াশ উপজেলা শাখার ব্যবস্থাপক বাবুল মিয়া, উপজেলা শাখা কর্মসূচি সংগঠক নুরুল আলম, পৌরসভার সচিব মো. রেজাউল করিম প্রমুখ।