উঠে আসছে মধ্যযুগের বসতি

খান জাহান (রহ.)-এর বসতভিটায় চলতি বছরের খননের দৃশ্যছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতবর্ষে মুসলিম শাসনামলের প্রাচীন এক নগর ‘খলিফাতাবাদ’, যার অন্যতম এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ। সম্প্রতি খনন করা হয় মসজিদসংলগ্ন একটি ঢিবি, যাতে বেরিয়ে আসে সুলতানি ও মোগল আমলের নানা স্থাপনা, টেরাকোটা ও তৈজসপত্র। ধারণা করা হয়, এখানেই হয়তো ছিল তৎকালীন খলিফাতাবাদের প্রতিষ্ঠাতা ‘খান উল আযম উলুঘ খান ই জাহানে’র বাসস্থান।

প্রাচীন ভৈরব নদের পূর্বমুখী বাঁকের দক্ষিণ পাড়ঘেঁষা এই ঢিবিটি প্রায় ১০ একর জায়গাজুড়ে। বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ থেকে মাত্র ৩০০ মিটার উত্তরে সুন্দরঘোনা বাজেয়াপ্তি গ্রামে যার অবস্থান। ২০০১ সালে এখানে প্রথমবার প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এরপর ২০০৮ থেকে এ পর্যন্ত মোট ১২ বারের খননে ঢিবিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া গেছে, যার মধ্যে সাড়ে ৬০০ বছর আগের উলুঘ খান জাহান (হজরত খানজাহান (রহ.) আমলের নানান স্থাপনা ও ইট বিছানো সড়ক ছাড়াও আগে ও পরের বিভিন্ন যুগের স্থাপনা এবং বসতির নিদর্শন পাওয়া গেছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে, এখানে পাওয়া স্থাপত্য, মৃৎপাত্র, নানা তৈজস ও উপকরণ থেকে ধারণা করা যায়, সেই সময়ে এখানে বসবাসকারীদের একটি উন্নত রুচিবোধ ছিল। নির্মাণশৈলী ও শৈল্পিকতায় তার প্রকাশ পেয়েছে। নানা প্রত্নবস্তুর সঙ্গে পাওয়া জালের গুটিকা দেখে ধারণা করা হয় সেই সময়ে এখানে মৎস্যজীবী লোকজনের বসবাস ছিল।

বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকীতে প্রকাশিত বিশ্বের হারিয়ে যাওয়া ১৫টি ঐতিহাসিক নগরীর অন্যতম খলিফাতাবাদ। প্রাচীন এই শহরকে ১৯৮৫ সালে ঐতিহাসিক মসজিদের শহর হিসেবে স্বীকৃতি দিয়ে ৩২১ নম্বর ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে তালিকাভুক্ত করে ইউনেসকো। খান জাহানের বসতভিটাও এই বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম এক নিদর্শন, যার পাশে এখন টিকে আছে প্রায় সাড়ে ৬০০ বছর আগে নির্মিত ইটের তৈরি প্রাচীন রাস্তা।

খান জাহানের বসতভিটা ছাড়াও স্থানটি মধ্যযুগের অন্যতম টাঁকশাল নগরী খলিফাতাবাদ শহরের অংশ হিসেবে পরিচিত। এই দুটি অনুকল্প নিয়েই স্থানটিতে খননকাজ করা, এ কথা জানিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান প্রথম আলোকে বলেন, ‘খান জাহানের বসতভিটা হিসেবে সংরক্ষিত এই প্রত্নস্থলটিতে বেশ কয়েক বছরের প্রত্নতাত্ত্বিক খননে দেয়াল, মেঝে, পয়োনিষ্কাশনপ্রণালির নালা, পোড়ামাটির তৈরি পাইপসহ বিভিন্ন স্থাপত্য নিদর্শন প্রদীপদানি, পোড়ামাটির পুঁতি, লাল, কালো ও ধূসর বর্ণের মৃৎমাত্র, প্লেট, গ্লাস, পিরিচ, নল, জালের গুটি, টাইলস, অলংকৃত ইটসহ বিভিন্ন প্রত্নবস্তু পাওয়া গেছে।

ঐতিহাসিক তথ্য-উপাত্ত অনুযায়ী, প্রায় সাড়ে ছয় শ বছর আগে খান জাহান যখন এই বাগেরহাট অঞ্চলে এসেছিলেন, তখন সুলতানি যুগ। এর পরের সময়টা ছিল মোগল যুগ। সুলতানি আমলের নানা প্রত্নবস্তুর পাশাপাশি খননে পাওয়া রঙিন মৃৎপাত্র, চকচকে টাইলসের মতো নিদর্শনগুলো মোগল আমলের বলে ধারণা সংশ্লিষ্ট ব্যক্তিদের।

খননে এখান থেকে পাওয়া নানা নিদর্শন ও প্রত্নবস্তু তালিকাভুক্ত করে সংরক্ষণ করা হচ্ছে জানিয়ে বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ জায়েদ বলেন, বিভিন্ন সময় এখান থেকে পাওয়া প্রত্ননিদর্শনগুলো যাচাই-বাছাই করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাদুঘরে সংরক্ষণ করা হবে।

গত ৩১ ডিসেম্বর শুরু হওয়া চলতি অর্থবছরের খনন শেষ হয়েছে গেল ৩১ জানুয়ারি। খনন শেষে বিগত সময়গুলোর মতো আবারও মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।

প্রত্নতত্ত্ব বিভাগ বলছে, পুরো ঢিবিটি খনন শেষ করে স্থানটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে আরও বেশ কয়েক বছর সময় লাগবে। এরপর বিভিন্ন সময় খননে পাওয়া ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ অংশগুলো সংস্কার ও সংরক্ষণের মাধ্যমে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। ইতিপূর্বে স্থানটির দক্ষিণ দিকে খননে বেরিয়ে আসা একটি ভবনের সিঁড়ির স্থাপত্যসহ কাঠামোর নিদর্শন বর্তমানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে।