উঠে যাচ্ছে সবুজ দেখার বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠে সবুজের সমারোহ। সীমানা দেয়ালের কারণে এত দিন বাইরে থেকে তা দেখা যেত না। গতকালের চিত্র।  প্রথম আলো
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠে সবুজের সমারোহ। সীমানা দেয়ালের কারণে এত দিন বাইরে থেকে তা দেখা যেত না। গতকালের চিত্র। প্রথম আলো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ প্রান্তে বিস্তীর্ণ গবেষণা মাঠটিতে ফল-ফসলের জাত উদ্ভাবন ও উন্নতিকরণের কাজ চলে বছরভর। এতে মৌসুমভেদে মাঠটি প্রাকৃতিক সৌন্দর্যের যে পসরা সাজিয়ে বসে, তা দেয়ালের কারণে উপভোগের কোনো সুযোগ বাইরের মানুষের ছিল না। সেই সুযোগ করে দিতে এই ইটের দেয়াল উঠিয়ে নেওয়ার কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর বদলে সেখানে বসানো হচ্ছে গ্রিলের বেষ্টনী।

গবেষণা মাঠের এই দেয়ালের ওপারের সংযোগ সড়কটি এখন রাজধানীর সুন্দরতম রাস্তাগুলোর একটি। এই সড়কের অন্যপাশে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও বাণিজ্য মেলার বিশাল আয়তনের মাঠ। যে মাঠ পেরোলেই চন্দ্রিমা উদ্যানের একরাশ সবুজ। নগরবিদ ও স্থপতিরা বলছেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠের নিরেট দেয়ালটি পুরোপুরি উঠে গেলে দুই পাশেই পথচারীদের দৃষ্টিসীমা বিস্তৃত করার সুযোগ থাকবে বহু দূর পর্যন্ত, যা গোটা এলাকাটিকে পরিণত করতে পারে শহরের অন্যতম দর্শনীয় একটি স্থানে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কাজটি বাস্তবায়নের সঙ্গে যুক্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তারা বলছেন, দুই বছর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে দেয়াল সরানোর এই উদ্যোগ নেন তৎকালীন মেয়র আনিসুল হক। তিনি ঢাকার দেয়ালগুলো যথাসম্ভব উন্মুক্ত রাখার পক্ষে ছিলেন। যাতে ঠাসবুনটের এই শহরে অন্তত চোখের আরামটুকু পেতে পারে নগরবাসী।

গতকাল দেখা যায়, মাঠের দক্ষিণ-পশ্চিম প্রান্তে পুরোনো দেয়ালের বেশ খানিকটা ভেঙে গ্রিলের তৈরি সীমানাবেষ্টনী বসানোর কাজ শেষ হয়েছে। ওই অংশ দিয়ে মাঠের ভেতরের দৃশ্যগুলো রাস্তা থেকেই চোখে পড়ছে। এতে সড়ক আর দুই পাশের উন্মুক্ত জায়গা মিলিয়ে জায়গাটি অনেকটা নান্দনিক রূপ নিয়েছে।

এ বিষয়ে কথা হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামাল উদ্দিন আহাম্মদের সঙ্গে। তিনি বলেন, ‘দেয়ালটি সরিয়ে নেওয়ার ব্যাপারে মেয়র আনিসুল হক প্রথমে আমাদের কাছে প্রস্তাব রেখেছিলেন। তাঁর প্রস্তাব অনুসারে আমরা নিজেরাই গ্রিলের বেষ্টনীর নকশা তৈরি করি। সেই নকশা অনুসারে এটি বাস্তবায়নের কাজ করছে সিটি করপোরেশন।’

এই প্রক্রিয়ার সঙ্গে শুরু থেকেই যুক্ত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধ্যাপক আ ফ ম জামাল উদ্দীন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার শুরুতেই মেয়র আনিসুল হক যখন আকাশ ঢেকে দেওয়া বিলবোর্ডগুলো অপসারণের উদ্যোগ নিলেন, তখন তাঁকে ঢাকার বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানের দেয়ালগুলো সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সে অনুসারে তিনি পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

গবেষণা মাঠের নিরেট দেয়ালটি উঠিয়ে নেওয়া প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন। তিনি বলেন, দেয়াল কখনো মানুষকে নিরাপত্তা দিতে পারে না। বরং এসব দেয়ালই অপরাধমূলক কর্মকাণ্ডের আড়াল হয়ে ওঠে। সীমানাবেষ্টনী হওয়া উচিত স্বচ্ছ, যাতে এপার থেকে ওপারে দেখা যায়। ঢাকার এ রকম আরও কয়েকটি দেয়াল সরিয়ে নিতে পারলে শহরটাকে উন্মুক্ত মনে হবে। যে উন্মুক্ততা প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক তৈরি করে।

একই ধরনের দর্শনে বিশ্বাসী আরেক স্থপতি রফিক আজম। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘জল সবুজে ঢাকা’ প্রকল্পের আওতায় তিনি এমন কিছু পার্কের নকশা করেছেন, যার কোনো সীমানাবেষ্টনীই নেই। তাঁর কাছে দেয়াল মানে অবিশ্বাস, যা পরস্পরের সঙ্গে দূরত্ব তৈরি করে।