উঠে যাচ্ছে সুপ্রিম কোর্টের কাগজে ছাপানো কার্যতালিকা
আগামী ১ ফেব্রুয়ারি থেকে কাগজে ছাপানো সুপ্রিম কোর্টের দৈনন্দিন কার্যতালিকা (কজলিস্ট) থাকছে না। এর পরিবর্তে দৈনন্দিন কার্যতালিকা সম্পূর্ণ অনলাইনভিত্তিক হয়ে যাচ্ছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয় থেকে জানা যায়, স্বাধীনতার পর থেকে সুপ্রিম কোর্টের দৈনন্দিন কার্যতালিকা প্রতিদিন কাগজে ছাপানো হয়ে আসছে। সাধারণত আগের দিন রাত আটটার মধ্যে আপিল ও হাইকোর্ট বিভাগের বেঞ্চ কর্মকর্তারা পরের দিনের মামলার তালিকার খসড়া পাঠিয়ে দেন বেঞ্চ ও ডিক্রি শাখায়। সংশ্লিষ্ট শাখার তত্ত্বাবধায়ক তা সংগ্রহ করে ছাপানোর জন্য পাঠিয়ে দেন সরকারি ছাপাখানায় (বিজি প্রেসে)। প্রতিদিন ভোরে প্রায় ৪০০ পৃষ্ঠার দৈনন্দিন কার্যতালিকা ছাপা হয়।
সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, কাগজে ছাপানো কার্যতালিকা উঠিয়ে দেওয়ার ফলে প্রতিবছর প্রায় ২১ কোটি টাকার খরচ কমবে। পাশাপাশি শ্রম ও সময়ের সাশ্রয় হবে। তিনি বলেন, কাগজে ছাপানোর পাশাপাশি গত নভেম্বর থেকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও কার্যতালিকা দেওয়া শুরু হয়। ১ ফেব্রুয়ারি থেকে কাগজে ছাপানো কার্যতালিকা আর থাকছে না।
এ ছাড়া কাগজে ছাপানো দৈনন্দিন কার্যতালিকায় ইচ্ছামতো মামলা যুক্ত করার অনেক পুরোনো অভিযোগ রয়েছে বেঞ্চ কর্মকর্তাদের বিরুদ্ধে। পুরোপুরি অনলাইনভিত্তিক হলে এ ধরনের দুর্নীতি বন্ধ হবে বলে আশা করছেন রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা।
এদিকে দৈনন্দিন কার্যতালিকা সম্পূর্ণ অনলাইনভিত্তিক করা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বেশির ভাগ নবীন আইনজীবী এ প্রক্রিয়াকে স্বাগত জানালেও অপেক্ষাকৃত প্রবীণ ও জ্যেষ্ঠ আইনজীবীদের কেউ কেউ কাগজে ছাপানো কার্যতালিকা উঠিয়ে দেওয়ার পক্ষে নন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন সম্প্রতি প্রধান বিচারপতির উপস্থিতিতে একটি অনুষ্ঠানে কাগজের কার্যতালিকা পুরোপুরি উঠিয়ে দেওয়ার বিরোধিতা করেন।
তিনি বলেন, সাধারণত কার্যতালিকা দেখার দায়িত্ব থাকে আইনজীবীর সহকারীর ওপর। অনলাইন কার্যতালিকা দেখে মামলা খোঁজার দক্ষতা এ সহকারীদের নেই। তাই কাগজে ছাপানো কার্যতালিকা একেবারে না থাকলে মামলা খুঁজে পেতে সমস্যা হবে।
এ বিষয়ে জানতে চাইলে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আজ হোক, কাল হোক, আমাদের ডিজিটালাইজেশনে যেতে হবে। যুগ পাল্টে গেছে, আমরা আর কত দিন এই ৩০০-৪০০ পৃষ্ঠার অ্যানালগ কজলিস্টের যুগে পড়ে থাকব?’
আবদুল বাসেত মজুমদার বলেন, আইনজীবীদের হয়তো প্রাথমিকভাবে একটু সমস্যা হবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই অভ্যস্ত হয়ে যাবেন।