উডল্যান্ড পার্ক কমিউনিটি সেন্টার নিয়ন্ত্রণে নিল বিএডিসি
চট্টগ্রাম নগরের ষোলশহরের উডল্যান্ড পার্ক কমিউনিটি সেন্টার গতকাল শনিবার নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এরপর সেটির মূল ফটক সিলগালা করে দেওয়া হয়।বিএডিসি সূত্রে জানা যায়, কমিউনিটি সেন্টারটি বিএডিসির কাছ থেকে ২০০৩ সালে ১৩ বছরের জন্য ইজারা নেন স্থানীয় মোহাম্মদ মুছা। ২০০৯ সালের ২৫ মে বিএডিসি কর্তৃপক্ষ তিন মাসের মধ্যে তা ছেড়ে দিতে নোটিশ দেয়। এ নোটিশের বিরুদ্ধে কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ হাইকোর্টে রিট আবেদন করে। ২৪ মে আদালত ওই আবেদন খারিজ করে দেন। এই রিট পুনর্বহালের জন্য উডল্যান্ড কর্তৃপক্ষ আবারও আবেদন করায় আগামী ১২ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়।উডল্যান্ড কমিউনিটি সেন্টারের পরিচালক সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, বিএডিসির লোকজন হঠাৎ করে এসে মূল ফটক সিলগালা করে দেন। দুপুরে এখানে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। তিনি বলেন, ‘কমিউনিটি সেন্টারে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, জেনারেটর, ফ্যান, চেয়ারসহ অনেক কিছু রয়েছে। এসবের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত।’তবে বিএডিসির চট্টগ্রাম এলাকার নির্বাহী প্রকৌশলী বাবুল কান্তি সাংবাদিকদের বলেন, যথাযথ নিয়ম অনুসরণ করেই কমিউনিটি সেন্টারটি উদ্ধার করা হয়েছে।