উড়ালসড়ক পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি
গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের নির্মাণকাজের অগ্রগতি দেখতে ৬ সেপ্টেম্বর পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রস্তুতির অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী, সিটি করপোরেশন ও স্থানীয় সরকার বিভাগ আজ মঙ্গলবার গোলাপবাগে প্রকল্প-সাইট অফিসে একটি বৈঠক করেছে। প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ এই উড়ালসড়কের নাম ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও উড়ালসড়ক প্রকল্প পরিচালক মো. আশিকুর রহমান প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, এই উড়ালসড়ক নির্মাণে সরকার ও সিটি করপোরেশনের কোনো টাকা খরচ করতে হয়নি। বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এটি নির্মাণ করছে।
সেপ্টেম্বরের শেষ দিকে গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়ক চালু অনেকটা নিশ্চিত হলেও সড়কের নিচের ও দুই পাশের রাস্তাঘাটের বেশির ভাগই সংস্কার হয়নি; বিশেষ করে ফুলবাড়িয়া থেকে গুলিস্তান হয়ে জয়কালী মন্দির, স্বামীবাগ, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কুতুবখালী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকার অর্ধেকেরও বেশি রাস্তা এখন পর্যন্ত বেহাল। এ ছাড়া উড়ালসড়কের নিচের রাস্তার বিভিন্ন স্থানে অবৈধ সব স্থাপনা এবং রাস্তার দুই পাশে বসে যাওয়া বাজার রাস্তাকে সংকুচিত করে ফেলেছে। সব মিলিয়ে প্রকল্প এলাকার রাস্তায় যানজট এখন আরও বেড়েছে।