উড়ালসড়কের ওপর ঝুঁকি নিয়ে যাত্রী নামছে!

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের (গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়ক) মাঝপথে বাস থামিয়ে যাত্রী নামানো হচ্ছে। অনেক যাত্রী উড়ালসড়কের অপেক্ষাকৃত নিচু স্থান থেকে ঝুঁকি নিয়ে নিচের রাস্তায় লাফিয়েও পড়ছেন। কেউ কেউ রাস্তায় নামছেন উড়ালসড়কের র্যাম্প পথে।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা উড়ালসড়ক এলাকায় ঘুরে এ দৃশ্য দেখা যায়। এমন ঝুঁকিপূর্ণভাবে যাত্রী নামার ফলে দুর্ঘটনাও ঘটছে। গতকাল সকাল ১০টার দিকে উড়ালসড়কের হাটখোলা প্রান্তে গিয়ে দেখা যায়, রাজধানী সুপার মার্কেটের উত্তর পাশের র্যাম্প পথে অন্তত ১০ জন নেমে আসছেন। এই পথে যানবাহন শুধু উঠতে পারে। ডেমরা, যাত্রাবাড়ী বা অন্য র্যাম্প পথে আসা যানবাহন এই পথের পরিবর্তে গুলিস্তান পথে নামতে পারে।
ওই যাত্রীদের কাছে জানা গেল, কাজলা থেকে নারায়ণগঞ্জের একটি বাসে চড়ে তাঁরা সালাউদ্দীন স্পেশালাইজড হাসপাতাল প্রান্তে উড়ালসড়কের ওপর নেমেছেন। বাস ভাড়া লেগেছে ২০ টাকা করে, আসা যায় পাঁচ মিনিটে। হেঁটে বিপরীত দিকে হাটখোলা র্যাম্প পথে প্রায় প্রতিদিনই তাঁরা নেমে থাকেন বলে জানান।
উড়ালসড়কের মাঝে এভাবে নামা ঠিক নয়, বিপজ্জনকও। যেকোনো মুহূর্তে চলমান যানবাহনে চাপা পড়ার আশঙ্কা। তারপরও কেন এভাবে তাঁরা যাতায়াত করেন?—এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে নেমে আসা যাত্রীরা নানা যুক্তি দেখান।
যাত্রী আবদুর রাজ্জাকের বাসা কাজলায় মসজিদের পাশে। পেশায় ব্যক্তিগত গাড়িচালক। তিনি বলেন, হাটখোলা অভয় দাস লেনে তাঁর মালিকের গাড়ির গ্যারেজ। বাসা থেকে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ পথে বাসে আসতে গেলে সময় লাগে এক থেকে দেড় ঘণ্টা। তার ওপর উড়ালসড়কের নিচের রাস্তা অত্যন্ত খারাপ। দয়াগঞ্জ, ধূপখোলা, স্বামীবাগ পথে রিকশায় আসতে গেলে ভাড়া লাগে ৬০ থেকে ৮০ টাকা। এত টাকা খরচ করা অসম্ভব। তাই তিনি নারায়ণগঞ্জ, ডেমরা অথবা কাঁচপুরের বাসে পাঁচ মিনিটে হাটখোলা চলে আসেন।
অপর এক যাত্রী বলেন, উড়ালসড়কের নিচের রাস্তা মেরামত করা হলে বা রিকশা ভাড়া কম হলে তাঁরা ঝুঁকি নিয়ে এভাবে আসতেন না। তা ছাড়া এভাবে আসার পথে তাঁদের খুব একটা বাধা পেতে হয় না।
সালাউদ্দীন হাসপাতাল প্রান্তে গিয়ে দেখা যায়, বাস থেকে নেমে আসা তিনজন যাত্রী উড়ালসড়কের পাশের রেলিং বেয়ে কিছুটা নেমে লাফিয়ে পড়ছেন। এভাবে ঝুঁকি নিয়ে নামার বিষয়ে জানতে চাইলে তাঁরা কোনো জবাব না দিয়েই চলে যান। হাসপাতালের পাশে স্থানীয় একজন দোকানি বলেন, এভাবে নিয়মিতই ঝুঁকি নিয়ে যাত্রীরা উড়ালসড়ক থেকে নিচে লাফ দেয়। লাফিয়ে পড়ার পর সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা লেগে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। যেকোনো সময় দ্রুতগামী কোনো বাস বা ভারী যানবাহনের নিচে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
যাত্রীদের নামানোর জন্য থামা একটি বাসের চালক ও সহকারীকে প্রশ্ন করলে তাঁরা বলেন, যাত্রীদের চাপেই তাঁরা এভাবে উড়ালসড়কের মাঝপথে থামেন। বাস সহকারী আরও বলেন, যাত্রী তুললে বাসের অতিরিক্ত টোলের টাকাটাও উঠে আসে।
উড়ালসড়কে অবস্থিত একটি টোল কাউন্টারে দায়িত্বরত কর্মকর্তাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁদের নিরাপত্তারক্ষী রয়েছেন। তারপরও কোনো কোনো বাসচালক অবৈধভাবে যাত্রী নামিয়ে থাকতে পারেন। ১১ কিলোমিটার দীর্ঘ উড়ালসড়কের পুরোটায় চোখ রাখা সম্ভব নয়। যা হয়, তা তাঁদের অগোচরেই হয়।