উড়ালসড়কের ওপর-নিচে যানজট

গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের নিচের সড়কগুলোয় যানজটের কারণে ওপরেও যানজট হচ্ছে। এই যানজট এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হচ্ছে। গুলিস্তান ও চানখাঁরপুল এলাকায় উড়ালসড়কের ওপরে-নিচে ব্যস্ত সময়ে একপ্রকার অচলাবস্থা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অদূরে নিমতলীতে নতুন একটি চিকিৎসা ইনস্টিটিউট হচ্ছে। স্থানীয় দোকানি ও গাড়িচালকদের মতে, খুব প্রয়োজন না হলেও নির্মাণাধীন ওই ইনস্টিটিউটের পাশের রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে ওই এলাকায় যানজট বেড়ে গেছে। গুলিস্তান এলাকায় যানজট বেড়েছে উড়ালসড়কে ওঠানামার পথে বাসস্ট্যান্ড গড়ে ওঠায়। গত শনিবার চানখাঁরপুল থেকে টিকাটুলীর সালাউদ্দিন হাসপাতাল পর্যন্ত উড়ালসড়কের ওপরে যানবাহনের ভিড় হচ্ছে।
চার লেনবিশিষ্ট ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’ বা উড়ালসড়কে ছয়টি প্রবেশ ও সাতটি বেরোনোর পথ নিয়ে মোট ১৩টি র্যাম্প রয়েছে। গত দুদিন এলাকায় গিয়ে দেখা যায়, চানখাঁরপুল ও গুলিস্তান এলাকায় বেশি যানজট হচ্ছে। এর কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, যেসব গাড়ি উড়ালসড়ক হয়ে গুলিস্তান বা চানখাঁরপুল নামবে, সেগুলো এক ঘণ্টার বেশি সময় আটকে থাকছে। ২০১৩ সালের শেষ দিকে উদ্বোধনের কিছুদিন পর চানখাঁরপুল প্রান্তের র্যাম্পটি চালু হয়। ওই সময়ে গুলিস্তানের যানজট এড়াতে অনেক গাড়ি চানখাঁরপুল প্রান্তেই নামত। কিন্তু চানখাঁরপুল মোড়ে কয়েকমুখী রাস্তার কারণে পার হতে সময় লাগত।
পরিস্থিতি বিবেচনায় চলতি বছরের শুরুতে নিমতলী এলাকায় আগে থেকেই যুক্ত একটি রেলিং ভেঙে নতুন পথ সৃষ্টি করা হয়। উড়ালসড়ক ব্যবহারকারী কয়েকজন গাড়িমালিক ও চালকের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন পথ সৃষ্টির পর বেশ সুফল পাওয়া যায়। অনেক গাড়িই চানখাঁরপুল মোড়ে না গিয়ে নিমতলীর রেলিংয়ের কাটা অংশ দিয়ে শহীদুল্লাহ্ হলের পেছনের রাস্তা হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে বেরিয়ে যেত। উড়ালসড়ক দিয়ে যেসব গাড়ি যাত্রাবাড়ীর দিকে যাবে, সেগুলোও শহীদুল্লাহ্ হলের পেছনের রাস্তা ব্যবহার করে উড়ালসড়কে উঠতে পারত। কিন্তু নির্মাণাধীন ওই ইনস্টিটিউটের কারণে সম্প্রতি শহীদুল্লাহ্ হলের পেছনের রাস্তাটি টিনের ঘেরা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এখন ওই এলাকায় আগের তুলনায় যানজট কয়েক গুণ তীব্র হয়েছে। কারণ, সব গাড়িকেই চানখাঁরপুল বা নিমতলীর ভাঙা অংশ দিয়ে ঢুকে কার্জন হলের পাশের রাস্তা দিয়ে বেরোতে হচ্ছে। এখন চানখাঁরপুল পাশাপাশি কার্জন হলের সামনের রাস্তায়ও যানজট।
ওই এলাকায় নিয়োজিত একজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা বলেন, যানবাহন ও পথচারীদের নিরাপত্তার জন্য নির্মাণাধীন চিকিৎসা ইনস্টিটিউটের পাশের রাস্তাটি বন্ধ করা হয়েছে। তবে রাস্তা বন্ধ না করেও নিরাপত্তা বাড়ানো যেত। কিন্তু বিশেষ কারণে রাস্তাটি বন্ধ করতে হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্পত্তি বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, রাস্তাটি বন্ধ করার বিষয়ে তাঁদের কাছ থেকে আগে থেকে কোনো অনুমতি না নিয়েই কাজ শুরু করা হয়। নির্মাণকারীদের কাছে অন্তত অর্ধেক রাস্তা ছেড়ে দেওয়ারও অনুরোধ করা হয়েছে।
ইনস্টিটিউট নির্মাণকাজের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নির্মাণসামগ্রী রাখার সুবিধার্থে টিনের ঘেরা দিয়ে রাস্তা বন্ধ করতে হয়েছে। সিটি করপোরেশনের কাছে এ বিষয়ে অনুমতি চেয়ে আবেদনও করা হয়েছে।
গত রোববার দুপুরে গুলিস্তান এলাকায় গিয়ে দেখা যায়, উড়ালসড়কের প্রবেশপথে আটকে আছে অসংখ্য গাড়ি। কিছু গাড়ি টোল দেওয়ার অপেক্ষায়। যেসব গাড়ি টোল দিয়েছে, সেগুলোও এগোতে পারছে না। কারণ, নিচে রাস্তার ওপর এলোমেলোভাবে কিছু বাস দাঁড়িয়ে। এগুলোর মধ্যে মাওয়া, নরসিংদী, মেঘনা ঘাট, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ প্রভৃতি রুটের বাস রয়েছে।