উড়ালসড়কের ওপর সিগন্যাল বাতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মগবাজার–মৌচাক উড়ালসড়কের কাজ চলছে। মৌচাক অংশে পুকুরের মতো গর্ত করে পিলার বসানোর কাজ ক​রছেন শ্রমিকেরা l ছবি: প্রথম আলো
মগবাজার–মৌচাক উড়ালসড়কের কাজ চলছে। মৌচাক অংশে পুকুরের মতো গর্ত করে পিলার বসানোর কাজ ক​রছেন শ্রমিকেরা l ছবি: প্রথম আলো

ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য মগবাজার-মৌচাক উড়ালসড়কের মৌচাক পয়েন্টে উড়ালসড়কের ওপরেই সিগন্যাল বাতি দেওয়া হবে। এতে যানজট নিয়ন্ত্রণের জন্য তৈরি উড়ালসড়ক নিজেই যানজট সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের মতে, মৌচাক এলাকায় পর্যাপ্ত জায়গার অভাবে উড়ালসড়কের ওপরেই সিগন্যাল বাতি দিতে হবে।
উড়ালসড়কের ওপরে সিগন্যাল বাতি থাকার কথা না থাকলেও এই উড়ালসড়কে তা-ই থাকবে। উড়ালসড়কের সাতরাস্তা, বাংলামোটর, মালিবাগ, রাজারবাগ ও শান্তিনগর—সব অংশের সংযোগস্থল হবে মৌচাক পয়েন্টে উড়ালসড়কের ওপরে। যানবাহন যাতে সঠিকভাবে যেতে পারে, সে জন্য এই ব্যবস্থা।
জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক-পূর্ব) মইনুল হাসান বলেন, ‘উড়ালসড়কের মৌচাক পয়েন্টে ট্রাফিক সিগন্যাল হবে—এ রকম তথ্য পাইনি। তবে সত্যিই যদি ট্রাফিক সিগন্যাল হয়, তা হবে সম্পূর্ণ নতুন। কোনো উড়ালসড়কে এমন সিগন্যাল আছে বলে শুনিনি।’
প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেন, মৌচাক মোড়ে অল্প জায়গার মধ্যে রামপুরা, বাংলামোটর ও রাজারবাগ-শান্তিনগর সড়কের সংযোগস্থল তৈরি করতে হচ্ছে। এই সংযোগস্থলে চারদিক থেকে আসা গাড়ি নিয়ন্ত্রণের জন্য সিগন্যাল বাতি দিতেই হচ্ছে। তারপরও উড়ালসড়কের ওপরে যানজট সৃষ্টির আশঙ্কা থাকবে। এখানে একটির ওপর একটি উড়ালসড়ক থাকলে সমস্যা কম হতো। কিন্তু জায়গার অভাবে তা সম্ভব নয়।
গতকাল সোমবার মৌচাক এলাকায় গিয়ে দেখা যায়, মালিবাগ মোড়ের দক্ষিণ প্রান্তে আগেই একটি বিরাট গর্ত খোঁড়া হয়েছে। দেখলেই মনে হয় যেন পুকুর। উড়ালসড়ক নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের প্রশাসনিক কর্মকর্তা হাতেম আলী প্রথম আলোকে বলেন, এখানে অল্প জায়গায় বড় কাজের জন্য শক্তিশালী স্তম্ভ তৈরি হবে। আগে আটটা পাইলের সমন্বয়ে একটি স্তম্ভ তৈরির কাজ হয়েছে। বাকি দুটিও অত্যন্ত মজবুত হতে হবে।
যে গর্তটি আগেই খোঁড়া হয়েছে, সেখানে একদল শ্রমিক কাজ করছেন। প্রকল্প সূত্রে জানা যায়, অল্প জায়গার মধ্যে তিনটি বিশাল স্তম্ভ করা হবে। এর জন্য হোসাফ ভবনের সামনে বাকি দুটি গর্ত তৈরির কাজ শুরু হবে শিগগিরই। এতে এলাকায় জনদুর্ভোগ আরও বাড়বে। এলাকার দোকানি ও নিয়মিত চলাচল করেন এমন কয়েকজন পথচারীর সঙ্গে কথা বলে জানা যায়, রাজারবাগের দিক থেকে আসা যানবাহন আটকে পড়ে গর্তটির জন্য। মালিবাগ মোড় থেকে মৌচাক যাওয়ার পথেও এই গর্ত যানজটের সৃষ্টি করছে। একই স্থানে আরও দুটি গর্ত করার পর অবস্থা কী হবে, তা নিয়ে চিন্তিত তাঁরা।