উড়ালসড়কের কাজ কবে শেষ হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মৌচাক এলাকায় উড়ালসড়কের কাজের জন্য করা হচ্ছে বড় বড় গর্ত। এতে সৃষ্ট যানজটে নাকাল হতে হচ্ছে পথচারীদের। ছবিটি গতকাল দুপুরে তোলা l হাসান রাজা
রাজধানীর মৌচাক এলাকায় উড়ালসড়কের কাজের জন্য করা হচ্ছে বড় বড় গর্ত। এতে সৃষ্ট যানজটে নাকাল হতে হচ্ছে পথচারীদের। ছবিটি গতকাল দুপুরে তোলা l হাসান রাজা

রিকশা থেমে আছে টানা ২০ মিনিট। এক যাত্রী অপর যাত্রীকে একটি সাইনবোর্ড দেখিয়ে বলছেন, ‘তিন বছর ধরে দেখছি নির্মাণকাজ চলছে, ভাঙা রাস্তা, কাদা আর ধুলাবালি সহ্য করছি, অথচ এখনো বলা হচ্ছে সাময়িক অসুবিধা। তিন বছর কি সাময়িক?’
ওই যাত্রীর মন্তব্যের সূত্র ধরে মগবাজার মোড়ে দেখা গেল একটি সাইনবোর্ড। লেখা আছে ‘মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণকাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’।
শুধু রিকশার ওই যাত্রী নন, প্রতিদিন রাজধানীর হাজার হাজার মানুষের মাথায় এই প্রশ্ন আসে যে, বর্ষাকালে কাদামাটি, শীতকালে ধুলার রাজত্ব শেষ হতে আর কত দিন?
প্রায় ৮০০ কোটি টাকার মগবাজার-মৌচাক উড়ালসড়কের কাজের উদ্বোধন হয় ২০১৩ সালের ফেব্রুয়ারিতে। সেই থেকে শুরু হয়েছে দুর্ভোগ। কবে কাজ শেষ হবে, তা-ও কেউ বলতে পারছেন না।
উড়ালসড়কের তিনটি অংশ। একটি বাংলামোটর থেকে মৌচাক, আরেকটি তেজগাঁও সাতরাস্তা থেকে মগবাজার হলি ফ্যামিলি হাসপাতাল এবং অন্যটি রামপুরা থেকে মৌচাক। এর সঙ্গে আছে রাজারবাগ ও শান্তিনগরে আলাদা অংশ। প্রতি অংশেই রকমারি দুর্ভোগ। প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
দুর্ভোগের চিত্র: গত সোমবার বিকেল পাঁচটার দিকে দেখা গেল, রাজারবাগ প্রান্ত থেকে মৌচাক মার্কেট এলাকা পর্যন্ত রাস্তায় স্থবির হয়ে আছে যানবাহন। মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারের একটু সামনে বিশাল গর্ত। গর্তের মধ্যে পাঁচটি ভাগে মোটা রডের গোছা। পুরোটা খোলা। চারদিক অরক্ষিত। বড় বাস এড়িয়ে রিকশা ও মোটরসাইকেল চেষ্টা করছে সেই গর্তের সীমানা পেরিয়ে এগিয়ে যেতে। রাস্তা ডুবে আছে পানিতে। পানির নিচে ভাঙা রাস্তা আছে কি নেই, বোঝার উপায় নেই। একটি মোটরসাইকেল এগিয়ে যেতেই পড়তে পড়তে বেঁচে গেল। একটু পরেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই ছাত্রীকে নিয়ে উল্টে গেল একটি রিকশা। ময়লা পানিতে পড়ে কেঁদে উঠলেন দুই ছাত্রী।
ফটোকপি করার একটি দোকানের কর্মচারী আবদুল হাই বললেন, এ রকম ঘটনা এখন নিয়মিত। কত দিন এ রকম চলবে, তা কর্তৃপক্ষই জানে।
গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে মগবাজার মোড় রেলক্রসিং এলাকায় লেভেল ক্রসিংয়ের গেট ফেলা হলো। পাঁচ মিনিট, দশ মিনিট চলে যাচ্ছে, কোনো ট্রেন আসছে না, যাচ্ছেও না। ট্রেন কোথায়, গেট কেন ফেলা হলো—জানতে চাইলে কর্তব্যরত লাইনম্যান বললেন, সামনের রাস্তায় যানবাহন ধরছে না। তাই বন্ধ রাখতে হয়েছে।
দেখা গেল, হাতিরঝিলের ভেতরের রাস্তায় গাড়ি আর গাড়ি। এফডিসি ও তেজগাঁওয়ের প্রান্তেও আটকে আছে যানবাহন। উড়ালসড়কের দুই পাশে তখন ধুলা উড়ছে। সাইকেলচালক এক তরুণ বললেন, মতিঝিল থেকে রাজারবাগ-শান্তিনগর-সার্কিট হাউস রোড, কাকরাইল মোড় হয়ে এখানে এসেছে। কাকরাইল মোড় থেকে উল্টো পথে এলেও মগবাজার পর্যন্ত আসতে অনেক সমস্যা হয়েছে। কারণ, কাকরাইল মোড় থেকে পুলিশ কমিশনারের কার্যালয়, হলি ফ্যামিলি—পুরো রাস্তায় যানবাহন চলছে না।
উড়ালসড়কে কর্তব্যরত প্রকৌশলী কাজী সাইফুর রহমান বলেন, নির্মাণ এলাকায় ধুলাবালি, কাদা এগুলো থাকবে। সব সমস্যার সমাধানও হবে। তারপরও জনদুর্ভোগ যাতে কম হয়, সেদিকে লক্ষ রাখার জোর নির্দেশ আছে তাঁদের ওপর। তাঁরা চেষ্টাও করছেন।