উড়ালসড়কের নিচে বেহাল অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী মোড় এলাকার রাস্তা এমনই খানাখন্দে ভরা। ছবিটি গত রোববার সকালে তোলা l হাসান রাজা
রাজধানীর যাত্রাবাড়ী মোড় এলাকার রাস্তা এমনই খানাখন্দে ভরা। ছবিটি গত রোববার সকালে তোলা l হাসান রাজা

গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের নিচের সড়কগুলো চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। জয়কালী মন্দির, হাটখোলা, স্বামীবাগ, সায়েদাবাদ, গোলাপবাগ ও যাত্রাবাড়ী এলাকার সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রায়ই রিকশা-অটোরিকশা উল্টে যাওয়ারও ঘটনা ঘটছে।
ঈদের ছুটির পর গত রোববার থেকে এই সড়কগুলোতে ব্যাপক যানজটও হচ্ছে। বিপদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বিদ্যালয়-মহাবিদ্যালয়ের শিক্ষার্থী এবং হাসপাতালে আসা রোগী ও তাঁদের স্বজনদের। অথচ উড়ালসড়কের নিচের সড়ক উন্নয়নের জন্য গত দুই বছরে প্রায় ৮০ কোটি টাকা খরচ করা হয়েছে।
গত রোববার সকাল ১০টা থেকে প্রায় তিন ঘণ্টা এসব সড়ক ঘুরে মানুষের ভোগান্তির চিত্র দেখা যায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্র জানায়, ২০১৩ সালে উল্লিখিত সড়কগুলো মেরামতের জন্য ৬২ কোটি টাকা খরচ করা হয়। এ ছাড়া বর্ষা ও বিভিন্ন কারণে সড়কের ক্ষয়ক্ষতি হওয়ার পর সংস্কারকাজের জন্য এককালীন ১৫ কোটি এবং আলাদাভাবে তিন কোটি টাকা খরচ করা হয়।
উড়ালসড়ক এলাকায় রাস্তায় ৬২ কোটি টাকা খরচ হয় ড্রেনেজ লাইন, পাইপলাইন নির্মাণ ও কার্পেটিংয়ের কাজে। এর মধ্যে সড়কে বিটুমিনাস কার্পেটিংয়ের জন্যই ১৪ কোটি টাকা খরচ হয়। এসব সড়ক মেরামতে নিম্নমানের কাজ করারও অভিযোগ আছে।
গত রোববার জয়কালী মন্দির ও ফোল্ডার স্ট্রিট এলাকায় গিয়ে দেখা যায়, উড়ালসড়কের দুই পাশের রাস্তাই ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রামসীতা মন্দিরের সামনে, শেরেবাংলা মহাবিদ্যালয় থেকে রাজধানী সুপার মার্কেট পর্যন্ত সড়কে অন্তত তিনটি বড় গর্ত দেখা যায়, যেগুলোয় বৃষ্টির পানি ও ময়লা পানি জমে ছোটখাটো ডোবার মতো দেখাচ্ছিল। অপর পাড়ে ওয়ারী স্কুলের সামনে, আরএফএল বেস্টওয়ের সামনেও বড় বড় গর্তে ময়লা পানি জমে আছে।
সকালে শেরেবাংলা মহাবিদ্যালয়ে আসার পথে প্রথম বর্ষের শিক্ষার্থী অপর্ণা রিকশা থেকে পড়ে যায়। তার পায়ে চোট লাগে এবং পোশাকও নষ্ট হয়ে যায়। কাঁদতে কাঁদতে সে ফিরে যান স্বামীবাগের বাসায়।
ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূরুল আমিন প্রথম আলোকে বলেন, গত তিন বছরে উড়ালসড়কের নিচের সড়কগুলো সংস্কারে অনেক টাকা খরচ করা হলেও সেগুলো বর্তমানে বেহাল অবস্থায় আছে। এর জন্য উড়ালসড়ক থেকে বৃষ্টির পানি পড়ার বিষয়কে তিনি প্রধান কারণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ২৫ ফুট ওপর থেকে উড়ালসড়কের মোটা পাইপ থেকে সরাসরি নিচের সড়কে পানি পড়ে। এতে বড় বড় গর্তের সৃষ্টি হয়।