উড়ালসড়কের প্রতি ঝোঁক বেশি সিডিএ চেয়ারম্যানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিডিএর চেয়ারম্যানের উড়ালসড়কের প্রতি ঝোঁক বেশি। আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগেই মুরাদপুর-লালখান বাজার উড়ালসড়ক প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এটি পরিপূর্ণ সমাধান নয়। যে কারণে বহদ্দারহাট উড়ালসড়কে কেউ উঠছে না। এই উড়ালসড়ক বিমানবন্দর পর্যন্ত নেওয়া হবে। তাহলে ফল পাওয়া যাবে।’
গতকাল শনিবার চট্টগ্রামে অর্থনীতি সমিতির তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন ও সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এসব কথা বলেন।
অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টার নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্ত।
গণপূর্তমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের সাগরপারে শহর গড়ে তোলা হবে, যেখানে বর্জ্য ব্যবস্থাপনার সব পদ্ধতি থাকবে। তাহলে দুর্গন্ধবিহীন শহর পাব আমরা।’
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. সিকান্দর খান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মনছুর এম ওয়াই চৌধুরী।
সেমিনারে পাটশিল্পের বর্তমান সংকট, আর্থসামাজিক অবস্থার ওপর এর প্রভাব নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনার ফুলতলা মহিলা কলেজের শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। পরিবেশবান্ধব সবুজ ব্যাংকিং নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ কান্তি নাথ। পরিকল্পিত চট্টগ্রাম: সমস্যা-সম্ভাবনা ও করণীয় নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মিরসরাই কলেজের শিক্ষক শিমুল বড়ুয়া।