উড্ডয়নের আগ মুহূর্তে বিমানের ইঞ্জিনে ত্রুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড্ডয়নের আগ মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হংকংগামী একটি উড়োজাহাজের (ডিসি-১০) ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গতকাল শুক্রবার বেলা সোয়া দুইটায় ঢাকা থেকে বিমানের হংকংগামী ফ্লাইট (বিজি ০৭৮) যাত্রী নিয়ে রানওয়েতে যায়। উড্ডয়নের আগ মুহূর্তে ইঞ্জিনে কারিগরি ত্রুটি দেখা দেয়। সঙ্গে সঙ্গে যাত্রা স্থগিত করা হয়। ফ্লাইটটি রাত ১০টায় হংকংয়ের উদ্দেশে ছেড়ে যাবে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলী দেবব্রত বণিক প্রথম আলোকে বলেন, ইঞ্জিনের প্যারামিটারে তাপমাত্রা বেশি দেখানোর কারণে ওই ডিসি-১০ উড়োজাহাজটিকে প্রকৌশল হ্যাঙ্গারে ফিরিয়ে নেওয়া হয়। তার আগে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।বাংলাদেশ বিমান ঢাকা-হংকং গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করে ১৯৯২ সালে। উড়োজাহাজের সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বরে তা স্থগিত করে। আট মাস পর ১৩ মে থেকে আবার ঢাকা-হংকং ফ্লাইট চালু করে। এরপর তিনটি ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার পর চতুর্থ ফ্লাইটের দিন উড়োজাহাজে সমস্যা দেখা দেয়।বিমানবহরের উড্ডয়নযোগ্য ৩০ বছরের পুরোনো দুটি ডিসি-১০ উড়োজাহাজের একটি দিয়ে সপ্তাহের প্রতি সোম ও শুক্রবার হংকং ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। নির্দিষ্ট দিনে ঢাকা থেকে দুপুর ১২টা ৫৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাওয়া এবং একই দিন হংকং থেকে সেখানকার স্থানীয় সময় রাত আটটায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা রয়েছে।