উড্ডয়নের পর কার্গো বিমানে আগুন, জরুরি অবতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিনে ত্রুটির কারণে একটি মালবাহী (কার্গো) বিমান উড্ডয়নের পরপরই আগুন ধরে যায়। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। এক ঘণ্টা পর বিমানটি আবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এটি বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা স্কাই ক্যাপিটাল এয়ারলাইনসের একটি কার্গো উড়োজাহাজ।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।সিভিল এভিয়েশন সূত্র জানায়, কার্গো বিমানটি তৈরি পোশাক নিয়ে ঢাকা থেকে ওমানের রাজধানী মাস্কট যাচ্ছিল। সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দর থেকে ওড়ার কিছু সময় পরই এর দুই নম্বর ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং একপর্যায়ে ইঞ্জিনে আগুন ধরে যায়। তখন জরুরি অবতরণের জন্য ওজন কমাতে বিমানটি জ্বালানি ফেলে দিতে দিতে আকাশে চক্কর দিতে থাকে। ফলে আকাশে আগুনের কুণ্ডলীর মতো দেখায়। এ সময় ঢাকার বাড্ডা এলাকায় খুব নিচ দিয়ে বিমানটি উড়চ্ছিল। এতে গতকাল সকালে গুজব ছড়িয়ে পড়ে, বাড্ডা এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ওই এলাকার লোকজন জানান, আগুন ধরে যাওয়ার পর বিমানের কিছু অংশ খসে পড়লে বিমান বিধ্বস্ত হওয়ার গুজব ছড়ায়।বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে ‘ব্রেকিং নিউজ’ বা ‘তাজা খবর’ আকারে সংবাদ পরিবেশন করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তত্পর হয়ে ওঠে। পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস দ্রুত বাড্ডা এলাকায় গিয়ে তল্লাশি শুরু করে। পরে বেলা সোয়া ১১টায় বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানবন্দর সূত্র জানায়, সকাল সাড়ে ১০টা থেকে বিমানটির জরুরি অবতরণ করা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়। সিভিল এভিয়েশনের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বেশ পুরোনো মডেলের লকহিড ট্রাইস্টার উড়োজাহাজটি কেন এ রকম পরিস্থিতির মুখে পড়েছে, তার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।