উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি যাত্রীদের চার ঘণ্টার ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের ১৫ মিনিট পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে ইউনাইটেড এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। সাড়ে চার ঘণ্টা পর যাত্রীদের অন্য উড়োজাহাজে করে কলকাতায় পাঠানো হয়।গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। কলকাতাগামী ওই যাত্রীদের কয়েকজন প্রথম আলোতে ফোন করে বিমানবন্দরে তাঁদের ভোগান্তির অভিযোগ করেন। বিমানবন্দর সূত্র জানায়, কলকাতাগামী ফ্লাইটটি গতকাল দুপুর ১২টা ৪০ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ফেরত আসার পর কয়েক ঘণ্টা চেষ্টা করেও বিকল উড়োজাহাজটি (এটিআর) উড্ডয়নযোগ্য করা যায়নি। একাধিক নারী যাত্রী প্রথম আলোকে বলেন, উড্ডয়নের আনুমানিক ১৫ মিনিট পর বিকট গন্ধ বের হতে থাকে। তখন পাইলট ঘোষণা দেন, যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি আবার ঢাকায় অবতরণ করতে যাচ্ছে। অবতরণের পর যাত্রীদের বলা হয়, ১০-১৫ মিনিট পর আবার তাঁরা আকাশে উড়বেন। যাত্রীদের নিজ আসনে অপেক্ষা করতে হবে। কিন্তু শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র বন্ধ থাকায় যাত্রীরা গরমে অতিষ্ঠ হয়ে পড়েন। কিছুক্ষণ পর বলা হয়, এক ঘণ্টা পর ফ্লাইট ছাড়বে এবং যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। এক ঘণ্টা পার হলে বলা হয়, বেলা তিনটায় উড়োজাহাজটি ছাড়বে। তিনটায় বলা হয়, পাঁচটায় ফ্লাইটটি যাবে। পরে পাঁচটায় জানানো হয়, সন্ধ্যা পৌনে ছয়টায় আরেকটি উড়োজাহাজে যাত্রীদের কলকাতায় পাঠানো হবে। যাত্রীরা অভিযোগ করেন, এই দীর্ঘ সময়ে কোনো যাত্রীকে দুপুরের খাবার পর্যন্ত দেওয়া হয়নি। একেক সময় একেক তথ্য দেওয়ায় যাত্রীরা বিভ্রান্তিতে ছিলেন। ইউনাইটেড এয়ারওয়েজের মুখপাত্র সহকারী মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম প্রথম আলোকে জানান, হঠাৎ কারিগরি ত্রুটির কারণে অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁদের চেষ্টা ছিল ত্রুটি সারিয়ে দ্রুত যাত্রীদের গন্তব্যে পাঠানো। কিন্তু ত্রুটি সারানো সম্ভব না হওয়ায় আরেকটি উড়োজাহাজে যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করা হয়।