উত্তপ্ত মিটফোর্ড হাসপাতাল চিকিৎসাসেবা কার্যত বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিত্সা না পেয়ে এক রোগীকে হাসপাতাল থেকে নিয়ে যাচ্ছেন তাঁর স্বজনেরা ষ ছবি: প্রথম আলো
চিকিত্সা না পেয়ে এক রোগীকে হাসপাতাল থেকে নিয়ে যাচ্ছেন তাঁর স্বজনেরা ষ ছবি: প্রথম আলো

লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, চিৎকার-চেঁচামেচি, ভাঙচুর, মারধর, আতঙ্ক-উত্তেজনা। গত সোমবার গভীর রাত থেকে গতকাল মঙ্গলবার কয়েক দফায় এমন দৃশ্য ছিল রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে। এমন অবস্থায় এই হাসপাতালে গতকাল চিকিৎসাসেবা কার্যত বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনেরা।

এক রোগীর রক্ত পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষানবিশ চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ঝামেলায় এমন পরিস্থিতি হয়। শিক্ষানবিশ চিকিৎসক-শিক্ষার্থীদের হামলায় আহত সাত কর্মচারীর কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শিক্ষানবিশ চিকিৎসক ও শিক্ষার্থীরা ‘দোষী’ কর্মচারীদের শাস্তি না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও ক্লাস বর্জনের ডাক দিয়েছেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসাসেবা কার্যত বন্ধ ছিল। জরুরি বিভাগে দুজন চিকিৎসক দিয়ে কোনোমতে কাজ চলছিল।

মিটফোর্ড হাসপাতাল সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সার্জারি বিভাগের শিক্ষানবিশ চিকিৎসক হাসান আলী এক রোগীর হেপাটাইটিস বি (এইচবিএস এজি), হেপাটাইটিস সি (অ্যান্টি এইচসিবি) পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করতে দেন হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগে। তিনি রাত দেড়টার দিকে রক্ত পরীক্ষার প্রতিবেদন আনতে গেলে রক্ত পরিসঞ্চালন বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট আবদুল আউয়াল তাঁকে ‘এইচআইভি’ পরীক্ষার প্রতিবেদন দেন। ওই শিক্ষানবিশ চিকিৎসক এর কারণ জানতে চাইলে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে কয়েকজন কর্মচারী সেখানে এলে হাতাহাতি হয়। খবর পেয়ে অন্যান্য শিক্ষানবিশ চিকিৎসক ও শিক্ষার্থীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। কয়েকজন মারধরের শিকার হন।

হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে সোমবার রাতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু কর্মচারীদের বিচারের দাবিতে গতকাল ভোরে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেন। ওই দাবিতে সকাল আটটার দিকে শিক্ষানবিশ চিকিৎসক ও শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এ সময় কর্মচারীরা কলেজে আসার পথে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছেন—এমন খবরে ক্ষুব্ধ শিক্ষানবিশ চিকিৎসক ও শিক্ষার্থীরা রড, লাঠিসোঁটা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগ, রক্ত পরিসঞ্চালন বিভাগ, কর্মচারীদের বাসাসহ বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর করেন। তাঁদের মারধরে আবদুল আউয়াল, মো. খোরশেদ, বাবু, বাবুল, ফজলুল হকসহ সাতজন কর্মচারী গুরুতর আহত হন। মারধরের খবর পেয়ে অন্য কর্মচারীরা হাসপাতাল থেকে চলে যান।

এ সময় হাসপাতালে থাকা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের নিয়ে স্বজনেরা হাসপাতাল ত্যাগ করেন। ভাঙচুরের পর জরুরি বিভাগসহ হাসপাতালের প্রায় সব বিভাগ চিকিৎসক ও কর্মচারীশূন্য হয়ে পড়ে। এতে রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। ভর্তি থাকা ৬৮৪ জন রোগীকে সময়মতো দুপুরের খাবার দেওয়া যায়নি।

শিক্ষানবিশ চিকিৎসক হাসান আলী প্রথম আলোকে বলেন, তাঁর শিক্ষক ও বন্ধুর বাবা পেটে ব্যথা নিয়ে সার্জারি বিভাগে ভর্তি হয়েছেন। তাঁর রক্ত পরীক্ষা করতে দিয়েছিলেন। এইচআইভি পরীক্ষা করতে না দিলেও ওই প্রতিবেদন দেওয়া হয়। বিষয়টি জানালে দুঃখ প্রকাশ করে তড়িঘড়ি করে কোহিনূর নামের এক রোগীর রক্ত পরীক্ষা করে প্রতিবেদন দেন আউয়াল। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে আউয়ালসহ কয়েকজন কর্মচারী তাঁকে মারধর করেন। খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মী, শিক্ষানবিশ চিকিৎসক ও শিক্ষার্থীরা এলে তাঁদের ওপর হামলা চালান কর্মচারীরা।

তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবদুল আউয়াল বলেন, তিনি ভুল করে ‘এইচসিবি’র জায়গায় ‘এইচআইভি’ লিখেছেন। তবে পরীক্ষা প্রতিবেদন সঠিক ছিল। কোহিনূর নামের কারও রক্ত পরীক্ষা করে প্রতিবেদন দেওয়া হয়নি। চিকিৎসক কোনো কথা না শুনে তাঁকে মারধর করেন। তাঁর সহকারী ঠেকাতে এসেছিলেন। খবর পেয়ে রাতেই চিকিৎসকের পক্ষে আরও কয়েকজন তাঁদের ওপর হামলা চালান।

কয়েকজন কর্মচারী অভিযোগ করেন, শিক্ষানবিশ চিকিৎসক ও শিক্ষার্থীরা তাঁদের বাসায়ও ব্যাপক ভাঙচুর ও পুরুষ সদস্যদের মারধর করেন। সবাইকে বাসা থেকে বের করে দেওয়া হয়।
বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে দেখা যায়, সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে শিক্ষানবিশ চিকিৎসক ও শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজি সেলিম। তাঁদের কারও কারও হাতে ছিল রড, লাঠিসোঁটা। এরপর হাজি সেলিম কর্মচারীদের সঙ্গে কথা বলেন। বেলা একটার দিকে তিনি আবার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান। কিন্তু এ সময় আলাউদ্দিন হলে কর্মচারীরা ককটেল নিক্ষেপ করেছেন—এমন খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁর সঙ্গে কথা না বলেই ওই হলের দিকে যান। চেষ্টা করেও তাঁদের শান্ত করতে ব্যর্থ হন হাজি সেলিম। পুলিশের বাধায় ওই হলে যেতে না পেরে তাঁরা কয়েকটি দোকান ভাঙচুর করেন।

এরপর মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার ধর ও পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার হারুনুর রশিদকে নিয়ে শিক্ষানবিশ চিকিৎসক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি তদন্ত কমিটি গঠন করে দোষী কর্মচারীদের শাস্তির আশ্বাস দিলেও তাঁরা তাৎক্ষণিক শাস্তির দাবি জানান। পরে চিকিৎসক-শিক্ষার্থীদের স্বার্থপরিপন্থী সিদ্ধান্ত নেওয়া হবে না—এ আশ্বাসে তাঁরা কিছুটা শান্ত হন।

কর্মচারীদের আহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। গতকাল সমিতির সভাপতি মাহফুজুর রহমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবারও হামলার আশঙ্কায় আছেন কর্মচারীরা। তাঁরা সুষ্ঠু ও নিরাপদ কাজের পরিবেশ তৈরির জন্য সরকার তথা স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল, কলেজ ও বিভিন্ন হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ বলেন, এ ঘটনা তদন্তে অধ্যাপক শরীফুল ইসলামকে প্রধান করে হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটি দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। দুই পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে।