উত্তপ্ত হয়ে উঠছে সাভার ও ধামরাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ঢাকার সাভার ও ধামরাই। এ দুটি উপজেলায় প্রার্থীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই ঘটছে সহিংস ঘটনা। এর জের ধরে ঘটছে প্রাণহানিও।
ধামরাইয়ের ১৬টি ইউপিতে ২৮ মে এবং সাভারের ১২টিতে ৪ জুন ভোট।
সাভার মডেল থানা-পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার রাত নয়টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতিকুর রহমান খান সমর্থক ও কর্মীদের নিয়ে সিঙ্গাসার আলী আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করছিলেন। সেখানে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল আলম খান তাঁর কর্মী ও একদল সন্ত্রাসী নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় ছুরিকাঘাতে শহীদুল্লাহ নিহত হন। হামলায় আহত হন আরও অন্তত ১৫ জন। শাহ আলম ও আসলাম নামের দুজন এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পুলিশ রাতেই সাইফুল আলম খান ও তাঁর দেহরক্ষী মশিউর রহমানকে আটক করেছে।
আতিকুর রহমান বলেন, সাইফুল প্রতিবারই ভোটের আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করে তাঁকে ভোট দিতে বাধ্য করে জয়ী হন। এবারও এর অংশ হিসেবে তাঁর কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালানো হয়।
কারাগারে আটক থাকায় এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল আলম খানের বক্তব্য পাওয়া যায়নি।
ধামসোনা ইউপির বিএনপির প্রার্থী আবদুল গফুর বলেন, শুক্রবার সন্ধ্যায় তাঁর কর্মীদের নিয়ে গাজীরচট এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এতে কয়েকজন কর্মী আহত হন। এর কয়েক ঘণ্টা পর আশুলিয়ার ভাদাইলে তাঁর বাসভবনে হামলা হয়। এ সময় তাঁর বাড়ির পাশের কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়।
আবদুল গফুর আরও বলেন, হামলার পর থেকে তিনি ও তাঁর কর্মীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না।
বিরুলিয়া ইউপির বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান বলেন, তাঁর এলাকায় সন্ত্রাসীরা নিয়মিত মহড়া দিচ্ছে। এতে তাঁর কর্মী ও ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।
সাভার মডেল থানায় সহকারী পুলিশ সুপারের দায়িত্বে থাকা রাসেল শেখ বলেন, কোনো দলের ছত্রচ্ছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পার পাওয়ার সুযোগ নেই। কাউন্দিয়ার ঘটনায় আওয়ামী লীগের প্রার্থীসহ দুজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ধামরাইয়ের সানড়া ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জহুরুল ইসলাম বলেন, শুক্রবার রাতে দেউনাই এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় সরকারদলীয় প্রার্থী খালেদ মাসুদ খান ও তাঁর সমর্থকেরা তাঁদের মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেন। এর ঘণ্টা খানেক পর ঢাকা-আরিচা মহাসড়কের বাটুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় মাসুদ ও তাঁর সমর্থকেরা আবার তাঁদের ওপর হামলা চালান। এ সময় জহুরুল ও তাঁর ছেলে জাহাঙ্গীর এবং তানভিরকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।
খালেদ মাসুদ বলেন, ‘ভোটারদের বিভ্রান্ত করতে আমার নামে এসব অপপ্রচার চালানো হচ্ছে।’
একই উপজেলার সুতিপড়া ইউপির বিএনপির প্রার্থী ওবায়দুল্লাহ খান বলেন, ১৩ মে সন্ধ্যায় তিনি কর্মীদের নিয়ে রাজনগর বাজারে প্রচারণা চালাচ্ছিলেন। সেখানে সরকারদলীয় প্রার্থী হাবিবুর রহমানের কর্মীরা তাঁদের ওপর হামলা করেন।
হাবিবুর রহমান দাবি করেন, তাঁর সমর্থক বা কর্মীরা বিএনপির কর্মী বা সমর্থকদের ওপর হামলা চালাননি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, তাঁর থানায় ছোটখাটো ঘটনা ঘটছে। খবর পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ অভিযোগ দিলে এবং তদন্তে প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।