উত্তম বড়ুয়া কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁর ফেসবুক কেন্দ্র করে রামুর বৌদ্ধপল্লিতে হামলার ঘটনা, সেই উত্তম কুমার বড়ুয়ার (৩৩) খোঁজ নেই দুই বছর ধরে। ঘটনা তদন্তে গঠিত দুটি তদন্ত দলের সদস্যরাও তাঁর সাক্ষাৎ পাননি। অথচ এই উত্তম বড়ুয়াই মামলার এক নম্বর আসামি।

ধর্ম মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য সুপ্ত বড়ুয়া প্রথম আলোকে বলেন, বৌদ্ধমন্দিরে হামলার সময় উত্তমকে কেউ রামুতে দেখেনি। ঘটনার রাতেই তিনি বাড়ি থেকে আত্মগোপন করেন। অনেকের সন্দেহ, উত্তমকে পরিকল্পিতভাবে গুম করা হয়েছে। পরিবারের সঙ্গেও তাঁর কোনো যোগাযোগ নেই।

উত্তম বড়ুয়ার ফেসবুকে পবিত্র কোরআন শরিফ অবমাননার ছবি দেখা গেছে—এই অজুহাত তুলে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর বৌদ্ধপল্লিতে হামলা হয়েছিল। তখন তাৎক্ষণিকভাবে জানা যায়, ছবিটি উত্তমের ফেসবুকে কেউ ট্যাগ (যুক্ত) করেছে। কিন্তু কে বা কারা এটা করেছে, দু্ই বছরেও তা বের করতে পারেনি পুলিশ। তা ছাড়া, ফেসবুকের পাতাটি ভুয়া কি না, সে প্রশ্নেরও উত্তর খুঁজে পায়নি তদন্ত কমিটি।

উত্তম বড়ুয়া রামু সদরের চেরাংঘাটা গ্রামের সুদত্ত বড়ুয়ার ছেলে। পেশায় রামু সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক। স্ত্রী রিতা বড়ুয়া ও একমাত্র ছেলে আদিত্য বড়ুয়াকে নিয়ে উপজেলা পরিষদের সামনে মেরংলোয়া গ্রামের হৃদয় রঞ্জন দাশের বাসায় ভাড়া থাকতেন তিনি।

২৩ সেপ্টেম্বর রামুর এক পল্লিতে দেখা হয় উত্তমের স্ত্রী রিতার সঙ্গে। কেমন আছেন জানতে চাইলে রিতা বলেন, ‘খুবই খারাপ। দুই বছর ধরে উত্তমের খোঁজ নেই। কোথায় আছে, কেমন আছে, জানি না। আগে মনে করতাম, ভয়ে কোথাও লুকিয়ে আছে। এখন মনে হচ্ছে, সে আর বেঁচে নেই। তাকে গুম করা হয়েছে। নইলে দুই বছরে অন্তত একটা ফোন তো পেতাম। ছেলেটার জন্য তার মন নিশ্চয় ছটফট করত।’

রিতা বড়ুয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রামুর হামলায় উত্তমের সংশ্লিষ্টতা পাওয়া গেলে শাস্তি হোক, সেটা আমিও চাই। কিন্তু এ কারণে পরিবারকে বিপদে পড়তে হবে কেন?’ রিতা দুঃখ করে বলেন, তিনি সমাজের ঘৃণাটাই পাচ্ছেন। ছেলেকে নিয়ে অতিকষ্টে দিন কাটালেও কেউ পাশে দাঁড়াচ্ছে না। কোথাও একটা চাকরিও জুটছে না।

রামু কেন্দ্রীয় সীমাবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া বললেন ভিন্ন কথা। তাঁর মতে, উত্তম বড়ুয়া কোথায় আছে, পুলিশ জানে। নইলে তাঁকে প্রধান আসামি করা হলো কেন?

এপ্রসঙ্গে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এ কে এম মনজুর আলম বলেন, উত্তমের সন্ধান পাওয়া না গেলেও সাক্ষ্য-প্রমাণে রামু হামলায় তাঁর সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে ফেসবুক আইডিটি উত্তমের কি না, অনেক চেষ্টা করেও তা জানা যায়নি। কারণ, পাসওয়ার্ড ছাড়া এই আইডি খোলা যাচ্ছিল না। তাঁর দাবি, উত্তম কোথাও লুকিয়ে আছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ২০ মার্চ বিচার বিভাগীয় তদন্ত দল রামুতে এসে শতাধিক ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছিল। ক্ষতিগ্রস্তÿবৌদ্ধপল্লিও পরিদর্শন করে। কিন্তু তদন্ত দলও উত্তম বড়ুয়ার সাক্ষাৎ পায়নি। ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি আরেকটি তদন্ত দল সরকারের কাছে ২০৫ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করে। সেখানেও উত্তম বড়ুয়াকে এক নম্বর অভিযুক্ত করা হয়।  

প্রতিবেদনে বলা হয়, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় ওমর ফারুকের দোকানে বিতর্কিত ছবিটি প্রদর্শন, সাতটায় উৎসুক মানুষের জমায়েত, সাড়ে আটটায় প্রথম মিছিলের সূচনা, সাড়ে নয়টায় রামুর চৌমুহনী মোড়ে জমায়েত, ১০টায় খণ্ড খণ্ড মিছিল, সাড়ে ১০টায় সমাবেশে বক্তৃতা, সাড়ে ১১টায় সমাবেশ নিয়ন্ত্রণের সূচনা এবং রাত ১২টায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ ট্রাক মহড়া, উত্তেজিত জনতার ছোটাছুটি এবং রাত সাড়ে ১২টায় হামলা ও লুটপাট চালানো হয়।

 তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, উত্তম বড়ুয়ার ফেসবুক অ্যাকাউন্টে বিতর্কিত ছবিটি অন্য একটি অ্যাকাউন্ট থেকে ট্যাগ করা হয় ১৮ সেপ্টেম্বর। ছবিটিতে উত্তমের ২৬ জন বন্ধু ‘লাইক’ দেন। ছবিটি ট্যাগ হওয়ার ১০ দিন পর সহিংস ঘটনা ঘটে। পরিকল্পনাকারীরা এই সময়ের মধ্যে ছক তৈরি করে হামলার ঘটনা ঘটিয়েছে।