উত্তম হত্যা মামলা গ্রহণে শ্রীমঙ্গল থানাকে নির্দেশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তম দাশগুপ্ত (২৪) হত্যা মামলাটি নথিভুক্ত করে আদালতকে জানানোর জন্য শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার মৌলভীবাজারের ১ নম্বর বিচারিক হাকিম আদালত এ নির্দেশ দেন। উত্তমের বাবা উপানন্দ দাশগুপ্ত শ্রীমঙ্গল রেলওয়ে (জিআরপি), শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে ব্যর্থ হয়ে ৮ মে মৌলভীবাজার বিচারিক হাকিম আদালতে চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।এ মামলার আসামিরা হলেন—শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সন্ধানী আবাসিক এলাকার বিকাশ দেব (২৭) ও উত্তর ভাড়াউড়া গ্রামের অজয় দেব (২৭), উপজেলার পাত্রীকুল গ্রামের বাসিন্দা সিদ্ধার্থ ওরফে জুয়েল (২৬) ও মাহবুব (২৭)।আদালত মামলাটি সংশ্লিষ্ট থানার ওসিকে ৫৪ ধারায় নথিভুক্ত করার নির্দেশ দিয়ে শ্রীমঙ্গল থানায় পাঠান। ঘটনাস্থল শ্রীমঙ্গল থানার আওতাধীন নয় দাবি করে আদালতে গতকাল একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী রুনু কান্ত দত্ত গতকাল প্রথম আলোকে জানান, মৌলভীবাজারের ১ নম্বর বিচারিক হাকিম আদালত ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন এবং আদালতের নির্দেশনা শ্রীমঙ্গল থানায় পৌঁছার সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করে আদালতে জানানোর নির্দেশ দেন।উত্তম শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এ বছর স্নাতক পাস করেন। তাঁর বাড়ি শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর গ্রামে। শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ বলেন, আদালতের আদেশের কপি তাঁর হাতে পৌঁছালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।উত্তমের বাবার অভিযোগ সম্পর্কে শ্রীমঙ্গল জিআরপি থানা পুলিশের ওসি হুমায়ুন কবির বলেন, যেহেতু এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, তাই নতুন করে হত্যা মামলা নেওয়ার সুযোগ নেই। একই অভিযোগ সম্পর্কে কমলগঞ্জ থানার ওসি মো. নাজিমুদ্দিন বলেন, ‘উপানন্দ দাশগুপ্তকে আমি বলেছিলাম, রেলওয়ে থানাকে সব তথ্য দিতে। তারপর তাদের তদন্তের পর এলাকাটি কমলগঞ্জ থানায় পড়লে আইনি ব্যবস্থা নিতে আপত্তি নেই।’ডায়েরিতে যা লেখা: আদালতে মামলা সূত্রে জানা গেছে, দায়ের করা মামলার সঙ্গে উত্তমের হাতে লেখা ২৯ পৃষ্ঠার ডায়েরি (প্রমাণপত্র) আদালতে উপস্থাপন করা হয়। উত্তম গত ২৮ ও ২৯ এপ্রিল ওই ডায়েরি লেখেন। উত্তমের পারিবারিক সূত্র জানায়, উত্তমের লাশ উদ্ধারের স্থানের অদূরে রেললাইনের একটি স্লিপারের নিচে গুঁজে রাখা তাঁর একটি শার্ট উদ্ধার করেন স্বজনেরা। পরে ওই শার্টের পকেটে পাওয়া একটি চিরকুটের সূত্র ধরে উত্তমের শোবার ঘরের বালিশের নিচ থেকে ডায়েরিটি উদ্ধার করা হয়।ওই ডায়েরির শুরুতেই উত্তম লিখেছেন, ‘কাঁদতে কাঁদতে লিখতে বসলাম। আমার এই লেখা কেউ যদি পড়েন, তিনি মনে করতে পারেন এটা ডায়েরি। আমার মতে এটা কিন্তু ডায়েরি না। এটা হল প্রমাণপত্র।’ ডায়েরির এক অংশে উত্তম লিখেছেন, একদিন বিকাশ, জুয়েল, অজয়, মাহবুব তাঁকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেড়ানোর আমন্ত্রণ জানায়। পরে সেখানে গেলে তাঁকে বনের গভীরে নিয়ে গিয়ে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে একটা মেয়ের সঙ্গে শারীরিক মিলনে বাধ্য করা হয়। ভিডিও করা হয় ওই দৃশ্য। উত্তম লিখেছেন, ...‘অজয় ও মাহবুব বলল, ৫০ হাজার টাকা দিস তাহলে এই ভিডিও তোকে দিয়ে দেব।’ উত্তম আরও লিখেছেন,...‘৩০/০৪ (৩০ এপ্রিল) তাদের সাথে আমার দেখা করার কথা। আমি জানি না আগামীকাল তারা আমাকে কি করবে। আমার কাছে মাত্র ১০ হাজার টাকা আছে।’ মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইন থেকে গত ৩০ এপ্রিল রাতে উত্তমের ট্রেনে কাটা লাশ উদ্ধার করে শ্রীমঙ্গলের রেলওয়ে পুলিশ। এ ঘটনায় পরে শ্রীমঙ্গলের জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়।