উত্তমের মা ও মাসির মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর বৌদ্ধমন্দিরের হামলার উৎপত্তি ফেসবুকের সেই বৌদ্ধ যুবক উত্তম বড়ুয়ার মা মাধু বড়ুয়া ও মাসি আদি বড়ুয়াকে গতকাল বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়ার পর তাঁরা রামুর হাইটুপি গ্রামে নিজেদের বাড়িতে ফিরে গেছেন।মাধু ও আদির আইনজীবী অরূপ বড়ুয়া এবং আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী আবু ওবাইদুর রহমান গতকাল কক্সবাজার বিচারিক হাকিম তাওহিদুল হকের আদালতে তাঁদের মুক্তির জন্য আবেদন করেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের মুক্তির আদেশ দেন। এর সত্যতা নিশ্চিত করে আসকের জ্যেষ্ঠ অনুসন্ধান কর্মকর্তা আবু আহমদ ফয়সাল কবির প্রথম আলোকে বলেন, মুক্তির পর মাধু (৪৮) ও আদি (৩০) নিজ গ্রামে যান। সেখানে তাঁদের নিরাপত্তার জন্য পুলিশি প্রহরা থাকবে। গত ২৯ সেপ্টেম্বর রাতে উত্তমের ফেসবুকের পাতায় সংযুক্ত করা একটি অবমাননাকর ছবি দেখিয়ে রামুতে মিছিল বের হয়। পরে উগ্রপন্থীরা বৌদ্ধমন্দির ও বসতিতে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। ওই রাতে মাধু ও আদিকে রামুর হাইটুপির বাড়ি থেকে আটক করে পুলিশ। ১ অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়। পরে গোয়েন্দা পুলিশ তিন দিনের রিমান্ডের আবেদন করে। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় গণমাধ্যমের খবর দেখে হাইকোর্ট গতকাল তাঁদের আটকে রাখা বেআইনি ঘোষণা করেন এবং মুক্তির নির্দেশ দেন।