মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তম দাসগুপ্তের (২৪) মৃত্যু হয়েছে আঘাতজনিত কারণে, ট্রেনে কাটা পড়ে নয়। ময়নাতদন্ত প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে। উত্তমের লাশের ময়নাতদন্ত প্রতিবেদনটি গত সোমবার বিকেলে শ্রীমঙ্গল রেল থানায় এসে পৌঁছেছে।শ্রীমঙ্গল রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান জানান, প্রতিবেদনে আঘাতজনিত কারণে উত্তম মারা গেছেন বলে উল্লেখ রয়েছে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলে ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ থাকত। প্রতিবেদনে এ রকম কিছু নেই।ওবায়দুর রহমান জানান, এ বিষয়ে আগের অপমৃত্যুর মামলাটি নিয়মিত হত্যা মামলা হিসেবে রেল থানায় লিপিবদ্ধ (রেকর্ড) করা হবে। নিহত উত্তমের পরিবারের কেউ বাদী না হলে আইনানুযায়ী পুলিশ এই মামলার বাদী হবে।এদিকে মৌলভীবাজারের মুখ্য বিচারিক হাকিমের আদালতে উত্তমের বাবা উপানন্দ দাশের দায়ের করা হত্যা মামলাটি আদালতের আদেশসহ সোমবার রাতে শ্রীমঙ্গল থানায় এসে পৌঁছেছে। আদেশের একটি অনুলিপি মৌলভীবাজারের পুলিশ সুপারকেও দেওয়া হয়েছে।শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, আদেশে আদালত ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় মামলাটি লিপিবদ্ধ করে ২২ মে আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। মামলা লিপিবদ্ধের পর থানার সীমানাসংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে মৌলভীবাজারের পুলিশ সুপারের মাধ্যমে মামলাটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কথাও আদেশে বলা আছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আদালতের আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইন থেকে গত ৩০ এপ্রিল রাতে ট্রেনে কাটা অবস্থায় শ্রীমঙ্গল রেল থানার পুলিশ উত্তম দাশগুপ্তের লাশ উদ্ধার করে। ১ মে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়। উত্তমকে হত্যা করা হয়েছে, পরিবারের পক্ষ থেকে এমন দাবি করা হলেও তখন শ্রীমঙ্গল রেল থানায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা করে।উত্তম শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এ বছর স্নাতক পাস করেছিলেন। বাড়ি উপজেলার মির্জাপুর গ্রামে।