উত্তর আমেরিকায় নতুন সূর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাই, ক্রিকেট দেখবেন না? ভোরবেলায় তো উঠতে হবে।’ নিউইয়র্কের জ্যাকসন হাইটস দিয়ে হাঁটছি, এক দেশি ভাই এগিয়ে এসে বললেন। জি দেখব। ‘কোথায় দেখবেন?’ বললাম, প্রথম আলোর নিউইয়র্ক অফিসে, ওখানকার বড় টেলিভিশনে বাংলাদেশের সেই চ্যানেলটা ২৪ ঘণ্টা খোলাই থাকে, যাতে দেশের ক্রিকেট ম্যাচ দেখায়।
নিউইয়র্ক তো আসলে দ্বিতীয় ঢাকা। জ্যাকসন হাইটস তো বেইলি রোড। নিউইয়র্কে বহু দোকানের সাইনবোর্ড বাংলায়, দোকানের নাম সিলেট স্টোর থেকে শুরু করে ঘরোয়া বা সাগর। সাগর রেস্টুরেন্টের স্লোগান, এখানে বাংলাদেশি চায়নিজ পাওয়া যায়। বুঝুন অবস্থা, আমেরিকায় বসে চায়নিজ খাবার খাব, সেটাও বাংলাদেশি হতে হবে।
প্রবাসীদের হৃদয়ে থাকে বাংলাদেশ। আমি একজন ষাটোর্ধ্ব বাঙালি ভদ্রমহিলাকে দেখেছিলাম, ১০ বছর ধরে এ দেশে আছেন। আমাকে দেখেই কাঁদতে লাগলেন। তাঁর দেশের কথা মনে পড়েছে, তাঁর মায়ের কথা মনে পড়েছে।
প্রথম প্রজন্মের বাংলাদেশিরা তাই সব সময় নানাভাবে তাঁদের প্রবাসজীবনে বাংলাদেশকে ধারণ করেন, লালন করেন। অনেকেই দেশি টিভি চ্যানেল দেখেন। দেশের নাটক আমাদের দেখার সময় হয় না, কিন্তু প্রবাসীরা সব হালনাগাদ খবর রাখেন। টক শো দেশে আমাদের বিরক্ত করে অনেক সময়, প্রবাসীরা অনেকেই নিয়মিত দেখেন। আর তাঁরা পড়েন প্রথম আলো। সারা পৃথিবীতে দুই শতাধিক দেশ বা অঞ্চলে মানুষ নিয়মিত প্রথম আলো পড়েন অনলাইনে। আসলে প্রথম আলোর মাধ্যমে তাঁরা মায়ের ভাষা, মাতৃভূমি আর মায়ের শাড়ির বহু পরিচিত গন্ধটাকেই খুঁজে ফেরেন।
প্রথম আলো এখন শুধু অনলাইনে নয়, সাপ্তাহিকভাবে কাগজে হাতে নিয়ে পড়তে পারবেন উত্তর আমেরিকার প্রবাসীরা। এই খবরে সাড়া পড়ে গেছে অনেকের মধ্যেই। তাঁরা কীভাবে গ্রাহক হতে পারবেন জানতে চাইছেন। আর জানতে চাইছেন কীভাবে এতে লেখা যাবে।
২৩ মার্চ প্রথম আলোর হিল সাইড কার্যালয়ে নিউইয়র্কের বাংলাদেশি সুধীজনদের সঙ্গে আমরা মতবিনিময় করছিলাম। সাপ্তাহিক পরিচয় পত্রিকা, যা বেরোয় নিউইয়র্ক থেকে। এর সম্পাদক নাজমুল আহসান বললেন, শুধু নিউইয়র্কের অনুষ্ঠানের খবর দিলে চলবে না। ধরা যাক, বাফেলোতে একটা বাংলাদেশি ‘কমিউন’ গড়ে উঠছে, তাদের আনন্দ-বেদনা, সাফল্য-সংগ্রামের গল্পগুলো কে তুলে ধরবে?
শহীদ কাদরীর স্ত্রী নীরা কাদরী এসেছিলেন সেই আড্ডায়। বললেন, ‘কবির অনেক বই রয়ে গেছে আমার কাছে, এগুলো আমি যত্নœকরে রাখি, এর মাধ্যমেই শহীদ কাদরীকে পাই। রানু ফেরদৌস সেই সূত্র ধরে বললেন, কিন্তু নতুন প্রজন্ম তো বই পড়ে না, তারা পড়ে অনলাইনে। ছাপা কাগজের ভবিষ্যৎ কী আসলে? সেলিনা আক্তার সুরমা কাজ করেন এয়ারপোর্টে। তিনি বললেন, ওয়ালস্ট্রিট জার্নাল এখানে বিনা পয়সায় দেওয়া হয় আর নিউইয়র্ক টাইমস কিনে পড়তে হয়, কিন্তু তিনি দেখেন সবাই নিউইয়র্ক টাইমস কিনে পড়ছে। প্রথম আলো দৈনিক যদি পাওয়া যায়, তা-ও আমি কিনে পড়ব। অনলাইনে থাকলেও আমি ছাপা কাগজের গন্ধ পেতে চাই।
নানাজনে নানা পরামর্শ দিলেন। জয়নাল আবেদিন বললেন, যদি আমেরিকার মূলধারার রাজনীতির খবর বাংলায় পড়ার সুযোগ পাওয়া যায়, বহু প্রবাসী তা পড়বেন। অনেকেই ইংরেজির চেয়ে বাংলায় পড়তেই ভালোবাসেন। আর প্রচণ্ড অনুপ্রাণিত প্রবাসী লেখকেরা। তাঁরা তাঁদের প্রবাসজীবনের গল্পকথা লেখার প্ল্যাটফর্ম চান। বেশি করে প্রবাসীদের লেখা ছাপা হোক, এটা তাঁদের দাবি।
সবার কথা শুনে বুঝতে পারলাম, প্রত্যাশা বেশি। সেটা পূরণ করতে পারতে হবে প্রথম আলোকে। নিউইয়র্কে প্রথম আলো অফিসের ইব্রাহিম চৌধুরী কিংবা শাহাব সাগর কিংবা নাহার নিম্মি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। প্রথম আলো উত্তর আমেরিকা সাপ্তাহিক সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানের কাজ চলছে। রেজওয়ানা চৌধুরী বন্যা এসেছেন, এসে গেছেন সেলিম চৌধুরী। মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমানও এখন নিউইয়র্কে। এখানকার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার ইয়র্ক কলেজে অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ত নর্দার্ন লাইটস মিডিয়ার সাইফুল সিদ্দিক ও ইকবাল আনোয়ার। কাগজ ছাপা, বিলির ব্যাপারেও সব ঠিক আছে কি না, নির্দেশনা দিচ্ছেন তিনি। বিজ্ঞাপন ব্যবস্থাপক আনিসুর রহমানের মুখে হাসি, কারণ তিনি বিজ্ঞাপন পেয়েছেন একটু বেশিই। ঢাকা অফিস থেকে সম্পাদক মতিউর রহমান সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন, সেলিম খান ভিডিও কল করছেন। ৮০ পৃষ্ঠার কাগজ তৈরি করে নিউইয়র্কে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিউইয়র্ক টাইমস-এর একটি সংস্করণ যেখানে ছাপা হয়, সেই ছাপাখানা থেকে তা ছাপা হয়ে বিলির জন্য প্রস্তুত। কিন্তু তারপরও কাজটা কঠিন, উত্তর আমেরিকার বিশালত্ব ধারণ করার জন্য বিশাল আয়োজন দরকার। বললেন হাসান ফেরদৌস।
আজ স্বাধীনতা দিবস। আজকের সূর্যটা একটু বেশি লাল। সবুজ বাংলা একটু বেশি সবুজ। উত্তর আমেরিকায় উঠছে আরেক সূর্য, প্রথম আর আলোর মধ্যখানের সূর্যটা।