উত্তর ও দক্ষিণবঙ্গের নামীদামি বাসের টিকিটের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনালভিত্তিক সাধারণ বাসগুলোর অগ্রিম টিকিট বিক্রি এখনো শুরু হয়নি। কেবল নামীদামি বাস কোম্পানিগুলোই গত বুধবার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। বরাবরের মতো এবারও এসব বাসে উত্তর ও দক্ষিণবঙ্গের টিকিটের সংকট দেখা দিয়েছে। তবে চট্টগ্রাম ও সিলেট অভিমুখী বাসগুলোর টিকিট এখনো সহজলভ্য।গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, কলাবাগান এলাকায় উত্তর ও দক্ষিণবঙ্গমুখী বেশির ভাগ বাসের টিকিট কাউন্টার। সিলেট ও চট্টগ্রামমুখী বাসের বেশির ভাগ কাউন্টার মানিকনগর, টিটিপাড়া ও আরামবাগে।খুলনা যাওয়ার জন্য টিকিট কিনতে গতকাল বৃহস্পতিবার কলেজগেটে গিয়েছিলেন একটি ওষুধ কোম্পানিতে কর্মরত শাহাদাত হোসেন। তিনি প্রথম আলোকে জানান, কাউন্টারে যাওয়ার পরই হানিফ পরিবহনের কর্মীরা বলে দিচ্ছেন ৮ ও ৯ সেপ্টেম্বর যাত্রার কোনো টিকিট নেই। তাই বাধ্য হয়ে ফিরে আসেন তিনি। শাহাদাত জানান, গাবতলী, কল্যাণপুর ও কলেজগেটে শ্যামলী, হানিফ, ঈগল, এস আর পরিবহনসহ অধিকাংশ কোম্পানির কাউন্টারে ৮ ও ৯ সেপ্টেম্বরের টিকিট পাওয়া যাচ্ছে না। টিকিট কিনতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কাউন্টার থেকে বলে দেওয়া হচ্ছে টিকিট নেই। তাঁদের অভিযোগ, কালোবাজারে টিকিট বিক্রির উদ্দেশ্যেই বিক্রেতারা টিকিট নেই বলছেন।অবশ্য ভিন্ন চিত্র নগরের সায়েদাবাদ ও মহাখালী টার্মিনালে। এই দুটি টার্মিনালে এখনো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়নি। তবে সায়েদাবাদ টার্মিনালের বাইরে রাস্তার পাশে, টিটিপাড়া ও মানিকনগরে নামীদামি বিভিন্ন কোম্পানির কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ওই কাউন্টারগুলো থেকে সিলেট ও চট্টগ্রামগামী বাসের টিকিট বিক্রি হয়।কল্যাণপুরে এস আর পরিবহনের টিকিট বিক্রির দায়িত্বে নিয়োজিত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিয়মিত ভ্রমণকারী যাত্রী, ভিআইপি, রাজনৈতিক নেতা-কর্মীদের জন্য কিছু টিকিট রেখে দিতে হয়। শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী রমেশ চন্দ্র ঘোষ বলেন, উত্তর ও দক্ষিণবঙ্গের বাসগুলোতে ৮ ও ৯ সেপ্টেম্বরের টিকিটের সংকট আছে। তিনি জানান, যানজটের কথা চিন্তা করে কিছু বাসের টিকিট তাঁরা বিক্রি করেননি। পরিস্থিতি দেখে সেগুলো বিক্রি করা হবে। বিআরটিসি: সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ঈদ উপলক্ষে ‘ঈদ সেবা সার্ভিস’ চালু করবে ঈদের এক সপ্তাহ আগে থেকে। সংস্থার নিজস্ব ও ইজারায় পরিচালিত বাসগুলো আন্তজেলা রুটে ঈদের পর তিন দিন পর্যন্ত চলবে। এ ছাড়া সিটি সার্ভিস ও স্টাফ বাস হিসেবে চালু বাসও ঈদ সেবায় অন্তর্ভুক্ত করা হবে। ঢাকার মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর, মিরপুর ১২ নম্বরের দ্বিতল বাস ডিপো, ফুলবাড়িয়া, গাবতলী ও সেনানিবাস/বিমানবন্দর রেলস্টেশন থেকে এসব বাস ছাড়বে।বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল আকতার কামাল প্রথম আলোকে জানিয়েছেন, ‘এবার ঢাকা থেকে রংপুর রুটে দ্বিতল ভলভো বাসও চলবে। বাড়তি ভাড়া যাতে কেউ আদায় না করতে পারে সে জন্য সার্বক্ষণিক তদারকি থাকবে। এ ছাড়া এবার গাবতলী বাস টার্মিনাল থেকেও বিআরটিসির বাস চলাচল করবে।’