কাউন্টারে এসে ক্ষোভ প্রকাশ করে বগুড়ার যাত্রী সেলিম উদ্দিন বললেন, ‘সব বাস কাউন্টার ঘুরেও ২৫, ২৬ ও ২৭ তারিখের (জুলাই) কোনো টিকিট পেলাম না। বাধ্য হয়ে ২৪ তারিখের টিকিট নিয়েছি। তাও বাড়তি দামে। প্রতিবছর ঈদ এলেই আমাদের এভাবে ভোগান্তি পোহাতে হয়।’
গতকাল বুধবার বেলা ১১টায় আনসার বাহিনীর সদস্য সেলিমের সঙ্গে কথা হয় চট্টগ্রাম নগরের বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকার হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে। তাঁর অভিযোগ, সাড়ে সাত শ টাকার টিকিট বিক্রি হচ্ছে এক হাজার ১৫০ টাকায়।
শ্যামলী পরিবহন, ইউনিক, ঈগল, টিআর ট্র্যাভেলস কেয়া পরিবহনের কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, উত্তর ও দক্ষিণবঙ্গের বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে।
এ বিষয়ে হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক এবং বাংলাদেশ আন্তজেলা বাস মালিক সমিতির সদস্য এস এম রানা প্রথম আলোকে বলেন, ‘রাস্তায় যে পরিমাণ জট লাগছে। এ অবস্থায় আমরা নতুন গাড়ি নামানোর কথা ভাবছি না।’
রানা জানান, ২৪ ও ২৭ জুলাইয়ের টিকিটের চাহিদাই বেশি। কিন্তু তাঁদের কাছে এখন আছে ২২, ২৩ ও ২৮ জুলাইয়ের কয়েকটি টিকিট।
টিকিটের দাম বাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়ার সঙ্গে মালিক সমিতির ভাড়ার সমন্বয় করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। কারণ এসব গাড়ি যাত্রী নিয়ে যাওয়ার পরে ফেরত আসে যাত্রীশূন্য। ফলে তখন পুরোটাই লোকসান গুনতে হয় আমাদের।’
শ্যামলী পরিবহনের কাউন্টারে গিয়ে জানা যায়, তাদের কাছে শুধু ২৩ ও ২৯ জুলাইয়ের দু-একটি টিকিট আছে। ১৪ জুলাই থেকে তারা উত্তরবঙ্গের টিকিট বিক্রি শুরু করে।
ইউনিকের বিক্রয় প্রতিনিধি আনোয়ারুল ইসলাম জানান, ১৫ জুলাই থেকে দর্শনা, বেনাপোল, সিরাজগঞ্জ ও খুলনার টিকিট বিক্রি শুরু করেন। টিকিটের জন্য ওই দিন রাত তিনটা থেকে যাত্রীরা কাউন্টারে হামলে পড়েন। প্রায় সব টিকিটই বিক্রি হয়ে যায়। এখন শুধু ২২ ও ২৩ তারিখের কয়েকটি টিকিট হাতে আছে।
ইউনিক কাউন্টারের সামনে অপেক্ষায় ছিলেন যাত্রী রবিউল ইসলাম। নিজ থেকেই এগিয়ে এলেন ভোগান্তির কথা জানাতে। বললেন, ‘আমি ২৬ অথবা ২৭ জুলাইয়ের খুলনার টিকিটের জন্য এসেছি। টিকিট না পেয়ে ভাবছি, এ বছর বুঝি আর বাবা-মায়ের সঙ্গে ঈদ করা হবে না। কয়েকটি কাউন্টারে ২৮ তারিখের টিকিট পাচ্ছি। কিন্তু সেদিন গেলে তো আর ঈদের উৎসবে শরিক হতে পারব না।’
রবিউল কালুরঘাট এলাকার একটি সোয়েটার কারখানায় কাজ করেন। এখনো বোনাস পাননি। পেলে বাড়ি যাওয়ার পরিকল্পনা করছিলেন। ঈদে ভাড়া বেড়েছে দাবি করে বলেন, খুলনার ভাড়া ৯০০ টাকা। কিন্তু এখন তা এক হাজার ৫০ টাকা এবং এক হাজার ১০০ টাকা করে আদায় করা হচ্ছে।
টি আর ট্রাভেলস উত্তরবঙ্গে সীমিত পরিসরে যাত্রী পরিবহন করে। কারণ তাদের গাড়ির সংখ্যা কম। ইতিমধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে।
ঈগল পরিবহন গতকাল থেকে টিকিট বিক্রি করছে। ২৭, ২৮ ও ২৯ জুলাইয়ের দক্ষিণবঙ্গের সব টিকিটই বিক্রি হয়ে গেছে বলে জানান কাউন্টারের বিক্রয় প্রতিনিধি।
কেয়া পরিবহন ৬ জুলাই থেকে উত্তরবঙ্গের টিকিট বিক্রি করছে। ২৪ ও ২৭ জুলাইয়ের সব টিকিট বিক্রি শেষ। এ ছাড়া বাকি দিনগুলোর দু-একটি করে টিকিট রয়েছে।