উত্তর ও দক্ষিণাঞ্চলে সোমবার থেকে ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববারের মধ্যে ট্রাক ও কাভার্ড ভ্যানের সাইড অ্যাঙ্গেল, বাম্পার ও হুক অপসারণসংক্রান্ত সিদ্ধান্ত বাতিলসহ ১২ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গ ট্রাক-মালিক শ্রমিক ঐক্য পরিষদ। অন্যথায় সোমবার সকাল ছয়টা থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলের সব পথে অনির্দিষ্টকালের জন্য ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান, পিকআপসহ সব পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। গতকাল বুধবার কুষ্টিয়া রাইফেলস ক্লাবে সংগঠনের এক জরুরি সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ট্রাক ও কাভার্ড ভ্যানের সাইড অ্যাঙ্গেল, বাম্পার ও হুকসংক্রান্ত অপসারণ সিদ্ধান্ত বাতিলসহ ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়া জেলা ট্রাক মালিক গ্রুপ এ সভার আয়োজন করে। জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আবদুর রশীদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। সভায় সংগঠনের নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উত্তরবঙ্গ ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সামসুর রহমান খান, দক্ষিণ-পশ্চিম অঞ্চল (২১ জেলা) পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব আবদুর রহিম, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সহসভাপতি আবদুল মান্নান মণ্ডল, উত্তরবঙ্গ ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি সাদরুল ইসলাম, খুলনা জেলা ট্রাক ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহসভাপতি মোড়ল আবদুস সোবহান প্রমুখ।