উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা আট ঘণ্টা বন্ধ থাকার পর আজ শনিবার বিকেল চারটার দিকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ চালু হয়েছে। টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় বৃষ্টির কারণে একটি রেলসেতুর মাটি ধসে যাওয়ায় এই দুই অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার আনালিয়াবাড়ির রেলসেতুর মাটি ধসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে এবং ঢাকা থেকে দিনাজপুরগামী তিস্তা এক্সপ্রেস ও ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে আটকা পড়েছিল। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
রেলওয়ে পাকশী বিভাগীয় ম্যানেজার পঙ্কজ কুমার সাহা প্রথম আলোকে বলেন, সকাল আটটা থেকেই রেলসেতুটি মেরামতের কাজ চলছিল। এ জন্য বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছিল। বিকেল চারটার দিকে মেরামতের কাজ শেষ হওয়ার পর নীলসাগর ট্রেনটি প্রথম ওই রেলসেতুটি অতিক্রম করে। এখন রেল যোগাযোগ স্বাভাবিক।