উত্তর ও দক্ষিণে শৈত্যপ্রবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ডিসেম্বরে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কম ছিল। জানুয়ারির শুরুটাও ছিল খানিক উষ্ণ। তবে মাঘের শুরুতে এবার যেন বাঘ পালানো শীত শুরু হয়েছে। দেশজুড়ে চলছে হিমেল হাওয়ার দাপট। হাড় কাঁপানো শীত দেশের উত্তরের জনপদ তো বটেই, দক্ষিণ ও পূর্বাঞ্চলেও ছড়িয়ে পড়ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বেশির ভাগ এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বেড়ে শীতের দাপট কমতে পারে। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, গত শুক্রবার কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা আরও কমে কুড়িগ্রাম ও পঞ্চগড়ে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। রাজশাহীর তাপমাত্রাও ছিল ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
দেশের অন্যান্য এলাকার তুলনায় রাজধানীর তাপমাত্রা কিছুটা বেশি হলেও শীতের দাপট নেহাত কম ছিল না। রাজধানীতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। সেই তুলনায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা বেশির ভাগ জেলায় ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, আজ সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে। তারপর শীত থাকবে। তবে শৈত্যপ্রবাহের দাপট কমে আসতে পারে।
প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জানান, নদ-নদীর তীরবর্তী চর ও দ্বীপচরে বেশি ঠান্ডা অনুভূত হওয়ায় সেখানকার মানুষ পড়েছে চরম দুর্ভোগে। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও দিনমজুর শ্রেণির মানুষ। হাসপাতাল সূত্র জানায়, শীতজনিত কারণে ডায়রিয়া, সর্দি, কাশি ও নিউমোনিয়া বেড়েছে। শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। কুড়িগ্রাম সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ২৯ জন রোগী ভর্তি হয়েছে।
দিনাজপুর অফিস জানায়, তীব্র শীত ও কনকনে ঠান্ডা বাতাসে দিনাজপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার থেকে দিনাজপুরের তাপমাত্রা কমতে শুরু করে। জেলায় গতকাল সকাল ছয়টায় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল বেলা ১১টায় দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালে গিয়ে দেখা গেছে, শীতজনিত রোগ নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ডায়ারিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ৫৮টি শিশু হাসপাতালে ভর্তি আছে।
আবহাওয়া অধিদপ্তর পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তাদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, গতকাল ছিল চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সদর হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক মাহবুবুর রহমান বলেন, ১৩ শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন চার থেকে পাঁচ গুণ শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এদের বেশির ভাগই শীতজনিত ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, গতকাল এখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।
কুষ্টিয়া অফিস জানায়, এ অঞ্চলের ছিন্নমূল ও দিনমজুরেরা ভোগান্তিতে পড়েছেন। শ্রমজীবী মানুষ ঘরের বাইরে কাজের সন্ধানে বের হতে হিমশিম খাচ্ছেন। রাত থেকে সকাল ১০টা পর্যন্ত থাকছে ঘন কুয়াশা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল জেলায় তাপমাত্র ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস, যা গত শুক্রবার ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, এক দিনে রাজশাহীর তাপমাত্রা ৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে এসেছে। গতকাল রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে মৌসুমের এটাই সর্বনিম্ন তাপমাত্রা। হঠাৎ তাপমাত্রা নিচে নেমে যাওয়ায় রাজশাহীতে হাড় কাঁপানো শীত শুরু হয়েছে। গ্রাম এলাকায় শ্রমিকেরা কাজে বের হতে পারছেন না।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার বিকেলে হঠাৎ শীত জেঁকে বসে ঠাকুরগাঁওয়ে। সকাল আটটার দিকে টাঙ্গন নদের পাশে গিয়ে দেখা যায়, কুয়াশায় আশপাশের কিছুই দেখা যায় না। যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল সূত্র জানায়, দুপুর পর্যন্ত শিশু ওয়ার্ডে ১৮ শয্যার বিপরীতে ১২৬টি শিশু চিকিৎসাধীন রয়েছে। তারা সবাই শীতজনিত রোগে আক্রান্ত।
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান, রংপুরের বদরগঞ্জে ঠান্ডায় কাঁপছে মানুষ। শীতবস্ত্রের অভাবে অসহায় হয়ে পড়েছে হতদরিদ্ররা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সরকারিভাবে কম্বল বিতরণ করা হয়েছে ৬ হাজার, যা চাহিদার তুলনায় অপ্রতুল।
পঞ্চগড় প্রতিনিধি জানান, তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন চলবে।