
গাইবান্ধা, কুড়িগ্রাম, ফরিদপুর, জামালপুরসহ দেশের উত্তর ও মধ্যাঞ্চলীয় জেলাগুলোতে নদ-নদীর পানি গতকাল সোমবার আরও কমেছে। এতে এসব জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে অনেক জায়গায় বেড়েছে নদীভাঙন। বন্যার্ত মানুষ ত্রাণ না পাওয়ার বা অপর্যাপ্ত ত্রাণ পাওয়ার অভিযোগ করেছে।
এদিকে সিলেটে হঠাৎ করে কুশিয়ারা নদীর পানি বেড়ে কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে এক বৃদ্ধ ও এক শিশুর মৃত্যু হয়েছে।
বন্যার্ত মানুষ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসনের বরাত দিয়ে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধায় পানি কমার সঙ্গে সঙ্গে ব্রহ্মপুত্রের ভাঙন তীব্র হয়েছে। গত চার দিনে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামের শতাধিক ঘরবাড়ি, অসংখ্য গাছপালা ও প্রায় ৩০ বিঘা পাটের জমি বিলীন হয়েছে। গ্রামের তিন শতাধিক মানুষ আশ্রয়হীন হয়ে খাসজমি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। ভাঙনে হুমকিতে পড়েছে কামারজানি বাজার।
গতকাল সকালে ভাঙনকবলিত গ্রাম ঘুরে দেখা গেছে, মানুষের মধ্যে ভাঙন–আতঙ্ক। কেউ কেউ নিরাপদ স্থানে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। ভাঙনে নিঃস্ব গোঘাট গ্রামের কৃষক আয়তাল হক (৫৫) বলেন, ‘চার দিন আগোত দুইট্যা ঘর নদীত চলি গেলো, কিচুই করব্যার পানো না। তোমরা ভালো করি ফটোক তোলেন, সরকার যানি হামার ঘরোক ভাঙার হাত থাকি বাঁচায়।’ কামারজানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস ছালাম বলেন, কয়েক দিনের মধ্যে কামারজানি বাজার বিলীন হতে পারে। বিষয়টি পাউবোকে জানানো হয়েছে। অথচ কাজ হয়নি। তবে জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, কামারজানি এলাকায় ভাঙনরোধে কাজ চলছে।
ফরিদপুরেও পানি কমার পাশাপাশি শুরু হয়েছে পদ্মার ভাঙন। তবে চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় বন্যা পরিস্থিতির তেমন উন্নতি নেই। চরভদ্রাসনের চর কালিকাপুরে ১৮৫টি পরিবার তিন দিন ধরে পানিবন্দী হয়ে থাকলেও গতকাল পর্যন্ত কোনো ত্রাণসামগ্রী পাননি বলে অভিযোগ তাঁদের। সদরপুরের দিযারা নারকেলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের চার শতাধিক পরিবারের বাড়িঘর নিমজ্জিত রয়েছে। নদীভাঙনের শিকার হয়েছে ১৬টি পরিবার ও ১৫ একর ফসলি জমি।
জামালপুরে পানি কমায় ক্ষতিগ্রস্ত বসতঘর ও সড়ক জেগে উঠছে। ফসলসহ সব হারিয়ে বন্যার্ত মানুষ খাদ্যসংকটে রয়েছেন।
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি আরও কমেছে। তবে এখনো সারিয়াকান্দিসহ তিনটি উপজেলার ১৭ হাজার ২৪০ পরিবার পানিবন্দী রয়েছে। নদীভাঙনে বিলীন হয়েছে সারিয়াকান্দির কর্নিবাড়ি, চকরতিনাথ ও বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন।
কুড়িগ্রামে সব নদ-নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। চিলমারী, উলিপুর, রৌমারী, রাজিবপুর, কুড়িগ্রাম সদর ও নাগেশ্বরী উপজেলার দুই লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী জীবন যাপন করছে। ১২ দিন পানিবন্দী থাকা এসব বানভাসি মানুষ খাদ্য, বিশুদ্ধ পানির সংকটে পড়েছে। চারণ ভূমি তলিয়ে থাকায় গো-খাদ্যসংকটও তীব্র হয়েছে।
সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে চৌহালীর বালিয়াকান্দি চরের কাউছার আলীর ছেলে মুস্তাকিম (১১ মাস) ও উল্লাপাড়ার ডেফলবাড়ী গ্রামের অবিরন নেছার (৭০) মৃত্যু হয়েছে। গত রোববার অবিরন বাড়ির পাশে ফুলজোড় নদীতে পাট ধুতে গিয়ে নিখোঁজ হন। গতকাল ভোরে তাঁর লাশ ভেসে ওঠে। রোববার বিকেলে শিশু মুস্তাকিম বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। রাতে তার লাশ ভেসে ওঠে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় রোববার রাতে কুশিয়ারার পানি হঠাৎ বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে ২৭টি গ্রাম। তলিয়ে গেছে ১৫ হেক্টর জমির বীজতলা। শরিফগঞ্জ ইউপির চেয়ারম্যান এম এ মুমিত বলেন, বন্যার পানি কমেছিল। কিন্তু দুদিন ধরে আবার পানি বাড়তে শুরু করেছে।
মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যাকবলিত এলাকার রাস্তাঘাট তলিয়ে আছে।