উত্তর কোরীয় কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অবস্থিত উত্তর কোরীয় দূতাবাসের কয়েকজন কূটনীতিক শিষ্টাচারবহির্ভূত এবং অপরাধমূলক কাজে জড়িত বলে অভিযোগ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল শনিবার অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
জানতে চাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, উত্তর কোরীয় দূতাবাসের কতিপয় কূটনীতিকের সহায়তায় সে দেশের নাগরিক মিস রায়াগ সুন হয়া রাজধানীর বনানী এলাকায় বারের আড়ালে অসামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গত বৃহস্পতিবার সেখানে অভিযান চালান। অভিযানকালে উত্তর কোরীয় দূতাবাসের কর্মকর্তারা শিষ্টাচারবহির্ভূত আচরণ করেন। তাঁরা নানা ধরনের ভয়ভীতি দেখান। তিনি জানান, ওই ঘটনার সময় কয়েকজন কূটনীতিক উপস্থিত থাকলেও তাঁরা নিজেদের নাম-পরিচয় দেননি। পরে গোয়েন্দারা মিং আন নামে একজন কাউন্সেলরের নাম জানতে পারেন। অধিদপ্তরের পক্ষ থেকে এ বিষয়টি লিখিতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাতে পুলিশ ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বনানী ২৭ নম্বর সড়কের একটি বাড়িতে অভিযান চালান। ওই বাড়িতে ‘পিয়ংইয়ং’ নামে একটি কোরীয় রেস্টুরেন্ট চালাচ্ছিলেন উত্তর কোরীয় নারী রায়াগ সুন হয়া। অভিযানের সময় পুলিশ রেস্টুরেন্টটি থেকে ৪৯ ক্যান বিয়ার, ১০ বোতল হুইস্কি, দুই শতাধিক ভায়াগ্রাসহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক ক্যাপসুল জব্দ করে। রেস্টুরেন্টটিতে বারের বৈধ কোনো কাগজপত্র না থাকায় সেটি বন্ধ করে দেওয়া হয়। এ ব্যাপারে বনানী থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার মালিককে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, উত্তর কোরিয়ার দূতাবাসের কূটনীতিক পর্যায়ের কয়েকজন কর্মকর্তাসহ একটি চক্র বাংলাদেশে নানা অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগে চলতি বছরের মার্চে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তর কোরিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (ইকোনমিক) সন ইয়াম ন্যামের (৫০) কাছে থাকা লাগেজ তল্লাশি করে ২৭ কেজি চোরাই স্বর্ণ উদ্ধার করেছিল কাস্টমস ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন। পরে তাঁকে ফিরিয়ে নেয় উত্তর কোরিয়া।